জুলাইয়ে ডিএমপির সেরা বিভাগ ও শ্রেষ্ঠ থানা মিরপুর
ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তায় অবদানের স্বীকৃতি হিসেবে জুলাই মাসের সেরা পুলিশ কর্মকর্তা ও ইউনিটগুলোকে পুরস্কৃত করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিতদের হাতে পুরস্কার তুলে দেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির ও ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে জুলাই মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ পুরস্কার দেওয়া হয়। সভায় ঢাকা মহানগরের অপরাধ পরিস্থিতি, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং পুলিশের বিভিন্ন ইউনিটের কার্যক্রম পর্যালোচনা করা হয়।
অপরাধ বিভাগের মূল্যায়নে জুলাই মাসে শ্রেষ্ঠ হয়েছে মিরপুর বিভাগ। শ্রেষ্ঠ থানার স্বীকৃতিও পেয়েছে মিরপুর থানা। এ তালিকায় দ্বিতীয় হয়েছে উত্তরা-পশ্চিম থানা এবং তৃতীয় হয়েছে বাড্ডা থানা। সহকারী পুলিশ কমিশনারদের মধ্যে প্রথম হয়েছেন ডেমরা জোনের মো. শামীম হোসেন এবং দ্বিতীয় হয়েছেন মোহাম্মদপুর জোনের মো. আবদুল্লাহ আল মামুন।
শ্রেষ্ঠ উপপরিদর্শক (এসআই) হিসেবে প্রথম হয়েছেন পল্লবী থানার মো. সাইফুল ইসলাম। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে ভাটারা থানার দেবাশীষ মন্ডল এবং পল্টন মডেল থানার অমিত কুমার বিশ্বাস। সহকারী উপপরিদর্শকদের (এএসআই) মধ্যে প্রথম হয়েছেন যাত্রাবাড়ী থানার নাজমুল ইসলাম এবং দ্বিতীয় মোহাম্মদপুর থানার নাদের আলী।
ডিএমপির গোয়েন্দা বিভাগের মূল্যায়নে শ্রেষ্ঠ হয়েছে গোয়েন্দা-ওয়ারী বিভাগ। শ্রেষ্ঠ টিম লিডার নির্বাচিত হয়েছেন এ বিভাগের ওয়ারী জোনাল টিমের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. ফজলুল করিম। অন্যদিকে ট্রাফিক বিভাগে সেরা হয়েছে ট্রাফিক-ওয়ারী বিভাগ। শ্রেষ্ঠ ট্রাফিক সার্জেন্টদের মধ্যে প্রথম হয়েছেন মিরপুর ট্রাফিক জোনের মো. সামসুদ্দীন সরকার এবং দ্বিতীয় যাত্রাবাড়ী ট্রাফিক জোনের মো. শাহরিয়ার খান।
মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন ইউনিটের উপপুলিশ কমিশনার, অতিরিক্ত উপপুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতামত দিন