Views Bangladesh Logo

তালিকা থেকে অমুক্তিযোদ্ধাদের বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, ফ্যাসিস্ট সরকারের ১৭ বছরে মুক্তিযোদ্ধা তালিকায় লক্ষাধিক অমুক্তিযোদ্ধার নাম অন্তর্ভুক্ত করা হয়েছিল। পর্যায়ক্রমে মুক্তিযোদ্ধার তালিকা থেকে অমুক্তিযোদ্ধাদের বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়।

মঙ্গলবার জাতীয় সংসদে বিএনপিদলীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকীর সম্পূরক প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী এ কথা বলেন।

আহমেদ আযম খান বলেন, সারা বাংলাদেশে ফ্যাসিস্ট সরকারের ১৭ বছরে অসংখ্য, লক্ষাধিক অমুক্তিযোদ্ধা, যাঁদের ভুয়া মুক্তিযোদ্ধা বলা হয়, ভুয়া মুক্তিযোদ্ধা বলতে কিছুই নেই, এরা অমুক্তিযোদ্ধা; তাঁদের মুক্তিযোদ্ধার তালিকায় সন্নিবেশিত করে ভাতাসহ অন্যান্য সুবিধা দেওয়া হয়েছে। এ নিয়ে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় কাজ করছে। পর্যায়ক্রমে অমুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধার তালিকা থেকে অপসারণ করার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার অমুক্তিযোদ্ধাদের সব সুবিধা থেকে দূরে রেখে মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন করতে চায়। সারা দেশে যেসব মুক্তিযোদ্ধা হয়রানির শিকার হয়েছেন, মন্ত্রণালয় তাঁদের যথাযথভাবে মুক্তিযোদ্ধার তালিকায় সন্নিবেশিত করে মূল্যায়ন করতে চায়।

বিরোধী দল জামায়াতে ইসলামীর সংসদ সদস্য জি এম নজরুল ইসলাম তার সম্পূরক প্রশ্নে বলেন, তিনি নয় নম্বর সেক্টরে মুক্তিযুদ্ধ করেছিলেন। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তার নাম মুক্তিযোদ্ধা তালিকা থেকে বাদ দেওয়া হয়। তার এলাকার সবাই তাকে মুক্তিযোদ্ধা হিসেবে জানেন। তিনি মন্ত্রীর কাছে জানতে চান, তিনিসহ মুক্তিযোদ্ধা তালিকা থেকে বাদ পড়াদের তালিকাভুক্ত করা হবে কি না।

জবাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, প্রয়োজনীয় কাগজপত্র মন্ত্রণালয়ে জমা দেওয়া হলে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, ‘আমরা জানি, অতীতে যারাই আমরা বিরোধী দল করতাম, তাদেরই মুক্তিযুদ্ধের সনদ নিয়ে হয়রানি করা হতো, তাদের সুনাম নষ্ট করা হতো। এ বিষয়ে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় কাজ শুরু করেছে।’




মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ