আন্দোলনে বক্তব্যের জেরে সাবেক শিক্ষার্থীর বিরুদ্ধে মাইলস্টোন কলেজের জিডি
এইচএসসি পরীক্ষা ঘিরে চলমান আন্দোলনে বক্তব্য দেওয়ার ঘটনায় নিজেদের এক সাবেক শিক্ষার্থীর বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছে মাইলস্টোন কলেজ কর্তৃপক্ষ। বৃহস্পতিবার রাজধানীর তুরাগ থানায় এই জিডি করা হয়, যার নম্বর ৯০৫।
জিডিতে মাইলস্টোন কলেজের নিরাপত্তা কর্মকর্তা মুহাম্মদ জহুরুল ইসলাম উল্লেখ করেন, রুবাইয়া মেহজাবিন সুহি ২০২৪-২৫ শিক্ষাবর্ষে কলেজের বিজ্ঞান বিভাগের (ইংরেজি মাধ্যম) শিক্ষার্থী ছিলেন। তবে শৃঙ্খলাজনিত কারণে ঢাকা শিক্ষা বোর্ডের অনুমতিক্রমে তাকে আগেই ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) দেওয়া হয়েছিল, ফলে তিনি বর্তমানে মাইলস্টোন কলেজের শিক্ষার্থী নন এবং প্রতিষ্ঠানের কোনো পরিচয় ব্যবহারের অধিকারও তার নেই।
অভিযোগে বলা হয়েছে, ট্রান্সফার সার্টিফিকেট নেওয়ার পরও রুবাইয়া মেহজাবিন সুহি মাইলস্টোন কলেজের পরিচয়পত্র ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত একটি ভিডিওতে বক্তব্য দিয়েছেন, যেখানে তিনি এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র-সংক্রান্ত আন্দোলনে সরকারবিরোধী উসকানিমূলক কথা বলেন। ভিডিওটিতে ‘১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি’ ধরনের একটি মন্তব্যের পর তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হন। জিডিতে কলেজ কর্তৃপক্ষের দাবি, তিনি শিক্ষার্থী না হওয়া সত্ত্বেও প্রতিষ্ঠানের পরিচয় ব্যবহার করায় সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে এবং কলেজের সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।
এ পরিস্থিতিতে ভবিষ্যতের স্বার্থে বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছে মাইলস্টোন কলেজ কর্তৃপক্ষ। জিডিটি গ্রহণ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।
মতামত দিন