Views Bangladesh Logo

মধ্যপ্রাচ্যের যুদ্ধ: সর্বশেষ পরিস্থিতি

মধ্যপ্রাচ্যের যুদ্ধে সোমবারের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরা হলো:

তেহরান ও বৈরুতে ইসরাইলের হামলা—

মঙ্গলবার ইসরাইলি সেনাবাহিনী ইরানের রাজধানী তেহরানে ‘বিস্তৃত পরিসরে হামলার ঢেউ’ তুলেছে। একই সঙ্গে লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলা শুরু করেছে ইসরাইল। ইসরাইলি সেনাবাহিনী এ কথা জানিয়েছে।

প্যারিস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

বাগদাদে মার্কিন দূতাবাসে হামলা—


একজন নিরাপত্তা কর্মকর্তা জানান, মঙ্গলবার ভোরে বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা চালানো হয়।

তিনি বলেন, ‘তিনটি ড্রোন ও চারটি রকেট দূতাবাসে আঘাত হানে, যার মধ্যে অন্তত একটি ড্রোন ভেতরে আছড়ে পড়ে।’

বাগদাদে বাড়িতে ক্ষেপণাস্ত্র হামলা—

ইরাকের রাজধানী বাগদাদের একটি বাড়িতে ক্ষেপণাস্ত্র হামলায় চার জন নিহত হয়েছেন।

প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে দুজন ছিলেন তেহরান-সমর্থিত গোষ্ঠীর ‘ইরানি উপদেষ্টা’।

দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র ও ইরানের প্রক্সি সংঘর্ষের ক্ষেত্র ছিল ইরাক। ইরান-সমর্থিত গোষ্ঠীগুলো প্রতিদিন মার্কিন স্বার্থে হামলার দাবি করার পর দেশটি এই যুদ্ধে জড়িয়ে পড়ে।

হরমুজ প্রণালী নিয়ে ট্রাম্পের আহ্বান—


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী নিরাপদ রাখতে মিত্রদের সহায়তা চেয়েছেন। তবে ইরানের কারণে বন্ধ হয়ে যাওয়া এই গুরুত্বপূর্ণ জলপথ পুনরায় চালু করতে সম্ভাব্য অভিযানে ইউরোপীয় দেশগুলো আপত্তি জানিয়েছে।

বিশ্বের মোট অপরিশোধিত তেলের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালী দিয়ে পরিবাহিত হয়। ট্রাম্প দেশগুলোকে ‘দ্রুত ও দৃঢ় উৎসাহ নিয়ে’ এগিয়ে আসার আহ্বান জানান।

ইউরোপকে ইসরাইলের প্রেসিডেন্টের আহ্বান—


ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ এএফপিকে বলেন, লেবাননে স্থল অভিযান চালানোর সময় ইউরোপের উচিত হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরাইলের লড়াইকে সমর্থন করা।

মার্চের ২ তারিখে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হওয়ার পর, হিজবুল্লাহ ইসরাইলে হামলা চালালে লেবানন এই যুদ্ধে জড়িয়ে পড়ে।

হারজগ বলেন, ‘হিজবুল্লাহ নির্মূলে যে কোনো প্রচেষ্টাকে ইউরোপের সমর্থন করা উচিত।’

নওরোজ উপলক্ষ্যে নেতানিয়াহুর শুভেচ্ছা—


ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পারস্য নববর্ষ নওরোজ উপলক্ষে ইরানিদের শুভেচ্ছা জানিয়েছেন।

তিনি বলেন, ‘এবারের এই উৎসবের বিশেষ তাৎপর্য রয়েছে। আমি এই সুযোগে আপনাদের শুভ নওরোজ জানাই— স্বাধীনতার বছরের একটি নতুন আশার সূচনা।’

বাগদাদের হোটেলে ড্রোন হামলা—


বাগদাদের সুরক্ষিত গ্রিন জোনে বিদেশি কূটনীতিকদের ব্যবহৃত একটি বিলাসবহুল হোটেলে সোমবার ড্রোন হামলায় আগুন লেগে যায়। এর কিছুক্ষণ পরই মার্কিন দূতাবাসে রকেট হামলা প্রতিহত করা হয়।

সংযুক্ত আরব আমিরাতে তেলক্ষেত্রে আগুন—


একটি ড্রোন হামলায় সংযুক্ত আরব আমিরাতের একটি বড় তেলক্ষেত্রে আগুন ধরে যায় বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

উপসাগরীয় অঞ্চলে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রয়েছে।
এদিকে আবুধাবি কর্তৃপক্ষ জানিয়েছে, শাহ তেলক্ষেত্রে আগুন নেভাতে কাজ চলছে। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


হিজবুল্লাহর হামলা—


লেবাননের সীমান্তবর্তী অন্তত তিনটি শহরে ইসরাইলি সেনা ও যানবাহনকে লক্ষ্য করে হামলার দাবি করেছে হিজবুল্লাহ। এর আগে ইসরাইল লেবাননে সীমিত স্থল অভিযান শুরু করার ঘোষণা দেয়।

কাতাইব হিজবুল্লাহ কমান্ডার নিহত—


ইরাকের প্রভাবশালী সশস্ত্র গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহ জানিয়েছে, তাদের জ্যেষ্ঠ নিরাপত্তা কমান্ডার আবু আলি আল-আসকারি নিহত হয়েছেন।

তার মৃত্যুর পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

তিনি সংগঠনের মুখপাত্র হিসেবেও দায়িত্ব পালন করতেন।

ইরাকের তেলক্ষেতে ড্রোন হামলা—


ইরাকের দক্ষিণাঞ্চলের একটি বড় তেলক্ষেত্রে সোমবার গভীর রাতে দুটি ড্রোন হামলা চালানো হয়।

তেল মন্ত্রণালয়ের মুখপাত্র সাহেব বাজউন এ তথ্য জানান।

তিনি বলেন, ‘মাজনুন তেলক্ষেত্র দুটি ড্রোন দিয়ে লক্ষ্যবস্তু করা হয়, যার একটি একটি টেলিযোগাযোগ টাওয়ারে আঘাত হানে।’ এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

ইসরাইলের শহরে হামলা—


হিজবুল্লাহ জানিয়েছে, তারা উত্তর ইসরাইলের নাহারিয়া শহরে হামলা চালিয়েছে। ইসরাইলি জরুরি সেবা কর্মীরা জানিয়েছেন, এতে একজন আহত হয়েছেন।

নতুন ইরানি নেতা জীবিত কি না অনিশ্চিত: ট্রাম্প


হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি জীবিত আছেন কি না, তা জানা নেই।

তিনি বলেন, ‘আমরা জানি না তিনি জীবিত কি না।’

ফলে তেহরানে কার সঙ্গে আলোচনা করা হবে, তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে।

লেবাননে ১০ লাখের বেশি বাস্তুচ্যুত—


লেবাননের কর্তৃপক্ষ জানিয়েছে, ২ মার্চ থেকে ইসরাইল-হিজবুল্লাহ যুদ্ধ শুরুর পর এক মিলিয়নের বেশি মানুষ বাস্তুচ্যুত হিসেবে নিবন্ধিত হয়েছেন।

জেরুজালেমের পবিত্র স্থানে ধ্বংসাবশেষ—


ইসরাইলি পুলিশ জানিয়েছে, জেরুজালেমের পুরনো শহরের পবিত্র স্থানগুলোয় ক্ষেপণাস্ত্র ও প্রতিরোধ ব্যবস্থার ধ্বংসাবশেষ পাওয়া গেছে।

এর মধ্যে আল-আকসা মসজিদ ও চার্চ অব দ্য হলি সেপালখারের আশপাশের এলাকা রয়েছে।

পুলিশ জানায়, ইরান থেকে জেরুজালেম লক্ষ্য করে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করার সময় এসব ঘটনা ঘটে।

জার্মান চ্যান্সেলরের সতর্কতা—


জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মের্ৎস বলেছেন, লেবাননে ইসরাইলের স্থল অভিযান ‘ভুল সিদ্ধান্ত’। এতে মানবিক পরিস্থিতি আরও খারাপ হবে।

তিনি আরও বলেন, ‘আমরা জরুরি ভিত্তিতে আমাদের ইসরাইলি বন্ধুদের বলছি, এই পথে যাবেন না, এটি ভুল হবে।’

সংযুক্ত আরব আমিরাতের বন্দরে তেল লোডিং স্থগিত—


ফুজাইরাহ স্থাপনায় তেল সংরক্ষণ ট্যাঙ্কে তেল ভরার কাজ স্থগিত করেছে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানি এডনক ডিস্ট্রিবিউশন।

একাধিক হামলার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে একটি সূত্র জানিয়েছে।

ফুজাইরাহ একটি গুরুত্বপূর্ণ বন্দর, যেখানে আগে থেকেই তেল সংরক্ষণ ট্যাংকগুলোকে লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়ে আসছে ইরান।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ