Views Bangladesh Logo

মধ্যপ্রাচ্যের পর্যটন খাতে প্রতিদিন ৬০০ মিলিয়ন ডলারের ক্ষতি

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘাতের প্রভাবে মধ্যপ্রাচ্যের ভ্রমণ ও পর্যটন খাত বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে। বিশ্ব পর্যটন শিল্পের সংগঠন ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কাউন্সিল (ডব্লিউটিটিসি) জানিয়েছে, এই পরিস্থিতির কারণে অঞ্চলটির পর্যটন খাতে প্রতিদিন গড়ে প্রায় ৬০০ মিলিয়ন ডলার ক্ষতি হচ্ছে।

সংস্থাটি এক বিবৃতিতে জানায়, আন্তর্জাতিক পর্যটকদের ব্যয় উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় এই ক্ষতি তৈরি হয়েছে। পাশাপাশি আকাশপথে যাতায়াত ব্যাহত হওয়া, পর্যটকদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ এবং আঞ্চলিক যোগাযোগে বিঘ্ন—এসব কারণে মধ্যপ্রাচ্যজুড়ে ভ্রমণের চাহিদা তীব্রভাবে কমে গেছে।

উল্লেখযোগ্য যে, বৈশ্বিক পর্যটনের প্রায় ৫ শতাংশ এবং আন্তর্জাতিক ট্রানজিট যাত্রীর প্রায় ১৪ শতাংশ এই অঞ্চলের ওপর নির্ভরশীল। স্বাভাবিক সময়ে দুবাই, আবুধাবি, দোহা ও বাহরাইনের প্রধান বিমানবন্দরগুলো দিয়ে প্রতিদিন প্রায় ৫ লাখ ২৬ হাজার যাত্রী যাতায়াত করেন। কিন্তু গত প্রায় দুই সপ্তাহ ধরে এসব বিমানবন্দরে অচলাবস্থা ও বিশৃঙ্খলার প্রভাব দেখা যাচ্ছে।

এই পরিস্থিতির ফলে শুধু মধ্যপ্রাচ্যেই নয়, বিশ্বজুড়ে বিমান চলাচলেও নেতিবাচক প্রভাব পড়েছে। অনেক রুটে উড়োজাহাজের ভাড়া উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

ডব্লিউটিটিসি’র বিশ্লেষণে বলা হয়েছে, ২০২৬ সালে মধ্যপ্রাচ্যের পর্যটন খাত থেকে আন্তর্জাতিক পর্যটকদের ব্যয়ে প্রায় ২০৭ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। তবে বর্তমান সংকট সেই সম্ভাবনার ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করেছে। সংস্থাটি মনে করে, ভ্রমণ প্রবাহে সামান্য ব্যাঘাতও পর্যটন ইকোসিস্টেমে দ্রুত ও গভীর অর্থনৈতিক প্রভাব ফেলতে পারে।

তবে সংস্থাটির প্রেসিডেন্ট ও সিইও গ্লোরিয়া গেভারা আশাবাদ ব্যক্ত করে বলেছেন, ভ্রমণ ও পর্যটন শিল্প অতীতেও বিভিন্ন সংকট কাটিয়ে দ্রুত ঘুরে দাঁড়ানোর সক্ষমতা দেখিয়েছে। পর্যটকদের আস্থা ফিরিয়ে আনতে সঠিক তথ্য আদান-প্রদান, সরকারি-বেসরকারি সমন্বয় এবং নিরাপত্তা নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেছেন।

সূত্র: সিএনএন

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ