Views Bangladesh Logo

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রভাবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ইসরায়েলের সাম্প্রতিক হামলা এবং ইরানে বিস্ফোরণের খবরে সরবরাহ সংকটের আশঙ্কা বাড়ায় ব্যারেলপ্রতি তেলের দাম ৩ ডলারেরও বেশি বৃদ্ধি পেয়েছে।

রয়টার্সের তথ্য অনুযায়ী, সোমবার (৮ জুন) ব্রেন্ট ক্রুডের দাম ৩.২০ ডলার বেড়ে ব্যারেলপ্রতি ৯৬.২৪ ডলারে এবং মার্কিন ডব্লিউটিআই তেলের দাম ২.৮৭ ডলার বেড়ে ৯৩.৪১ ডলারে পৌঁছায়। বিশ্লেষকদের মতে, এ বৃদ্ধি শতাংশের হিসাবে যথাক্রমে ৩ শতাংশের বেশি।

এর আগে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা কিছুটা কমার আশায় গত শুক্রবার তেলের দাম কমলেও পরিস্থিতি আবারও বদলে যায়। মার্চ থেকে এখন পর্যন্ত আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রায় ৫০ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে।

সাম্প্রতিক হামলা-পাল্টা হামলার ফলে তেহরান, তাবরিজ ও ইসফাহানে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এতে করে হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ স্বাভাবিক থাকবে কি না, তা নিয়েও নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

অন্যদিকে, সংঘাত প্রশমনে কূটনৈতিক প্রচেষ্টা চলমান থাকলেও বাস্তব পরিস্থিতি এখনো অনিশ্চিত। ওপেক প্লাস উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নিলেও বিশ্লেষকরা মনে করছেন, ভূরাজনৈতিক উত্তেজনার কারণে এর প্রভাব বাজারে সীমিত থাকবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ