ফার্মগেটে চলন্ত মাইক্রোবাসে আগুন
ফার্মগেট এলাকায় চলন্ত একটি যাত্রীবাহী মাইক্রোবাসে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
বুধবার (৬ মে) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যাশৈন্যু মারমা।
পুলিশ জানায়, ফার্মগেট এলাকায় চলন্ত অবস্থায় মাইক্রোবাসটিতে হঠাৎ বিকট শব্দ হয়। এরপরই আগুন ধরে যায়। পরিস্থিতি বুঝতে পেরে গাড়ির ভেতরে থাকা যাত্রীরা দ্রুত নেমে পড়েন, ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ওসি ক্যাশৈন্যু মারমা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
তিনি আরও জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কোনো ঘটনা ঘটেনি। যদি তা ঘটত, তাহলে বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারত। আগুনে মাইক্রোবাসটি পুড়ে গেলেও দ্রুত সেটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে, যাতে যান চলাচল স্বাভাবিক থাকে।
পুলিশ জানিয়েছে, গাড়ির মালিক এলে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে যানবাহনটি হস্তান্তর করা হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে