Views Bangladesh Logo

অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স মোকাবিলায় মাইক্রোবায়োলজিস্টদের ভূমিকা গুরুত্বপূর্ণ: ফারহানা শারমিন তিথি

অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) বিশ্বজুড়ে নীরব স্বাস্থ্যসংকটে পরিণত হচ্ছে। অ্যান্টিবায়োটিকসহ বিভিন্ন অ্যান্টিমাইক্রোবিয়াল ওষুধের অকার্যকারিতার কারণে সাধারণ সংক্রমণও মারাত্মক আকার ধারণ করতে পারে।

এ সংকট মোকাবিলায় মাইক্রোবায়োলজিস্টদের পাশাপাশি চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, নীতিনির্ধারক এবং সাধারণ মানুষের সম্মিলিত ভূমিকা জরুরি বলে জানিয়েছেন বাংলাদেশ ফার্মা মাইক্রোবায়োলজিস্ট ফাউন্ডেশনের (বিপিএমএফ) প্রকাশনা ও প্রচার সম্পাদক ফারহানা শারমিন তিথি।

বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ (ওয়ার্ল্ড এএমআর অ্যাওয়ারনেস উইক) উপলক্ষে এক সচেতনতামূলক লেখায় তিনি এসব কথা বলেন। এ বছরের প্রতিপাদ্য ‘ওয়ান হেলথ, ওয়ান অ্যাকশন: প্রিভেন্ট এএমআর নাউ’।

লেখায় ফারহানা শারমিন তিথি বলেন, অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স বা এএমআর হলো এমন একটি প্রক্রিয়া, যার মাধ্যমে ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক ও পরজীবীর মতো জীবাণু অ্যান্টিমাইক্রোবিয়াল ওষুধের বিরুদ্ধে প্রতিরোধক্ষমতা গড়ে তোলে। ফলে এসব ওষুধ আগের মতো কার্যকর থাকে না। এর কারণে সাধারণ সংক্রমণের চিকিৎসাও কঠিন হয়ে উঠতে পারে।

বাংলাদেশের পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, ইনস্টিটিউট অব এপিডেমিওলজি, ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চের (আইইডিসিআর) ন্যাশনাল এএমআর সার্ভেইল্যান্স রিপোর্ট ২০২৫ অনুযায়ী, ২০২৪ সালের জুলাই থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত দেশের আট বিভাগের ৩৩টি পরীক্ষাগার থেকে সংগৃহীত ৯৬ হাজার ৪৭৭টি নমুনার তথ্য বিশ্লেষণ করা হয়েছে। এতে শনাক্ত জীবাণুর মধ্যে প্রায় ৪৬ শতাংশ ছিল মাল্টিড্রাগ রেজিস্ট্যান্ট (এমডিআর)। নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) সংগৃহীত জীবাণুর ক্ষেত্রে এ হার প্রায় ৮৯ শতাংশ। এ পরিসংখ্যান দেশে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের উদ্বেগজনক পরিস্থিতি তুলে ধরে।

এএমআর বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার ও অতিরিক্ত ব্যবহারের কথা উল্লেখ করেন তিনি। চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক গ্রহণ, সামান্য জ্বর বা সর্দি-কাশিতে অ্যান্টিবায়োটিক ব্যবহার, নিজের ইচ্ছেমতো ওষুধের মাত্রা পরিবর্তন এবং অন্যের প্রেসক্রিপশন অনুসরণ করে ওষুধ সেবনকে এ সমস্যার অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করেন তিনি।

তিনি আরও বলেন, অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে, ভাইরাসের বিরুদ্ধে নয়। ইনফ্লুয়েঞ্জার মতো ভাইরাসজনিত রোগে অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক গ্রহণের কোনো কার্যকর ভূমিকা নেই। বরং এ ধরনের ব্যবহারে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের ঝুঁকি বাড়তে পারে।

এএমআর প্রতিরোধে মাইক্রোবায়োলজিস্টদের ভূমিকা তুলে ধরে ফারহানা শারমিন তিথি বলেন, রোগীর নমুনা পরীক্ষা করে সংক্রমণ সৃষ্টিকারী জীবাণু শনাক্ত করার পাশাপাশি কালচার ও অ্যান্টিমাইক্রোবিয়াল সাসসেপ্টিবিলিটি টেস্টিংয়ের (সিএএসটি) মাধ্যমে কোন অ্যান্টিবায়োটিক নির্দিষ্ট জীবাণুর বিরুদ্ধে কার্যকর, সে বিষয়ে চিকিৎসকদের গুরুত্বপূর্ণ তথ্য দেন মাইক্রোবায়োলজিস্টরা। এ ছাড়া জীবাণু শনাক্তকরণ, অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স পর্যবেক্ষণ এবং নতুন অ্যান্টিবায়োটিক উদ্ভাবনের গবেষণায়ও তাঁদের ভূমিকা রয়েছে।

লেখায় তিনি বলেন, নতুন অ্যান্টিবায়োটিক আবিষ্কৃত হলেও এর যথেচ্ছ ব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অ্যান্টিবায়োটিক একটি মূল্যবান চিকিৎসা সম্পদ। এর কার্যকারিতা ধরে রাখতে সঠিক রোগীর জন্য সঠিক ওষুধ, নির্ধারিত মাত্রা, সময় ও নিয়ম মেনে ব্যবহার নিশ্চিত করতে হবে।

এএমআর মোকাবিলায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ব্যক্তিগত সচেতনতা, দায়িত্বশীল ওষুধ ব্যবহার এবং সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগের মাধ্যমেই এ সংকটের ঝুঁকি কমানো সম্ভব। ভবিষ্যৎ প্রজন্মের জন্য অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা ধরে রাখতে এখনই সম্মিলিত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

তিনি ‘স্টপ এএমআর, সেভ লাইভস’ স্লোগানে অ্যান্টিমাইক্রোবিয়াল ওষুধের দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করতে সবার প্রতি আহ্বান জানান।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ