বজ্রঝড় কাটিয়ে অবশেষে মাঠে মেক্সিকো-ইকুয়েডর
প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মাঠে শুরু হলো অন্যতম আলোচিত ম্যাচ- মেক্সিকো বনাম ইকুয়েডর। বুধবার (১ জুন) বাংলাদেশ সময় সকাল ৭টায় মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হওয়ার কথা থাকলেও প্রতিকূল আবহাওয়ার কারণে আয়োজকরা তা স্থগিত করার সিদ্ধান্ত নেন। নির্ধারিত সময়ের ১ ঘন্টা পর অবশেষে ম্যাচটি মাঠে যাত্রা শুরু করে।
এর আগে ম্যাচ ঘিরে মাঠের বাইরেও তৈরি হয়েছিল উত্তেজনা। ম্যাচের আগের রাতে মেক্সিকো সিটির একটি হোটেলের বাইরে জড়ো হয়ে মেক্সিকান সমর্থকরা লাউডস্পিকার ও হর্ন বাজিয়ে ইকুয়েডর দলের ঘুমে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করেন, যার প্রতিবাদে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগও দায়ের করে ইকুয়েডর ফুটবল ফেডারেশন। সব মিলিয়ে ম্যাচ শুরুর আগে থেকেই ছিল বাড়তি নাটকীয়তা।
তবে সব জটিলতা পেছনে ফেলে এখন মাঠেই মনোযোগ দুই দলের। খেলোয়াড়েরা এরই মধ্যে মাঠে প্রবেশ করেছেন, শেষ হয়েছে জাতীয় সংগীত পরিবেশনের আনুষ্ঠানিকতাও। যেকোনো মুহূর্তে বাজবে রেফারির কিক-অফের বাঁশি।
এই ম্যাচের ফলাফল বিশেষভাবে গুরুত্বপূর্ণ দুই দলের জন্যই। সহ-আয়োজক মেক্সিকো শেষবার বিশ্বকাপের নকআউট পর্বে জিতেছিল সেই ১৯৮৬ সালে, নিজেদের মাটিতেই। চার দশকের সেই আক্ষেপ ঘোচাতে চায় তারা। অন্যদিকে, নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো কোনো নকআউট ম্যাচ জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নামছে ইকুয়েডর। জয়ী দল পরের পর্বে মুখোমুখি হবে ইংল্যান্ড অথবা ডিআর কঙ্গোর।
মতামত দিন