Views Bangladesh Logo

বৈরী আবহাওয়ায় মেক্সিকো–ইকুয়েডর ম্যাচ শুরুতে বিলম্ব

Sports Desk

ক্রীড়া ডেস্ক

ফিফা বিশ্বকাপের শেষ ৩২-এর গুরুত্বপূর্ণ ম্যাচে বৈরী আবহাওয়ার কারণে মেক্সিকো ও ইকুয়েডরের মধ্যকার লড়াই নির্ধারিত সময়ে শুরু করা সম্ভব হয়নি। প্রবল বৃষ্টি ও বজ্রঝড়ের কারণে ম্যাচটি অন্তত ১ ঘন্টা পিছিয়ে দেওয়া হয়েছে।

বুধবার (১ জুন) বাংলাদেশ সময় সকাল ৭টায় মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হওয়ার কথা থাকলেও  প্রতিকূল আবহাওয়ার কারণে আয়োজকরা তা স্থগিত করার সিদ্ধান্ত নেন।

আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তার পরপরই স্টেডিয়াম এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। ম্যাচ শুরুর চার ঘণ্টারও বেশি আগে হাজারো দর্শক স্টেডিয়ামে প্রবেশ করলেও ক্রমেই বৃষ্টি ও বজ্রপাতের তীব্রতা বাড়তে থাকায় সবাইকে অপেক্ষা করতে হচ্ছে।

বৈরী আবহাওয়ার কারণে দুই দলের খেলোয়াড়রাও মাঠে নেমে নিয়মিত ওয়ার্ম-আপ করতে পারেননি। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষায় রয়েছে উভয় দল।

আয়োজকরা জানিয়েছেন, আবহাওয়ার পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। নতুন করে ম্যাচ শুরুর সময় সম্পর্কে শিগগিরই জানানো হবে। খেলোয়াড়, কোচিং স্টাফ, ম্যাচ কর্মকর্তাসহ দর্শকদের নিরাপত্তাকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

এই ম্যাচ দুই দলের জন্যই নিছক আরেকটি লড়াই নয় বরং দীর্ঘদিনের এক আক্ষেপ ঘোচানোর সুযোগ। মেক্সিকো সর্বশেষ বিশ্বকাপের নকআউট পর্বে জয়ের স্বাদ পেয়েছিল সেই ১৯৮৬ সালে, নিজেদের মাটিতেই। এরপর কেটে গেছে চার দশক, বহুবার নকআউটে উঠেও পার হতে পারেনি সেই দেয়াল। এবার সহ-আয়োজকের তকমা নিয়ে সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটানোই তাদের মূল লক্ষ্য।

ইকুয়েডরের গল্পটা আরও ভিন্ন- তাদের বিশ্বকাপ ইতিহাসেই এখনও কোনো নকআউট ম্যাচ জয়ের অভিজ্ঞতা নেই। ফলে এই ম্যাচ জিতলে তা হবে তাদের জন্য একেবারে নতুন এক মাইলফলক, ফুটবল ইতিহাসের পাতায় প্রথমবারের মতো নাম লেখানোর সুযোগ।

একদিকে চার দশকের আক্ষেপ ঘোচানোর তাড়না, অন্যদিকে ইতিহাস তৈরির প্রথম সুযোগ—এই দুই আবেগ মিলেই মেক্সিকো সিটির রাতটিকে করে তুলেছে অন্যরকম গুরুত্বপূর্ণ।



মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ