এই প্রথম গ্রুপ পর্বে কোনো ম্যাচ হারেনি মেক্সিকো
২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বে তিন ম্যাচের তিনটিতেই জয় তুলে নিয়ে নিজেদের ইতিহাসে এক নতুন কীর্তি গড়েছে মেক্সিকো। সহ-আয়োজক দেশটি গ্রুপ পর্বের শেষ ম্যাচে চেক প্রজাতন্ত্রকে ৩-০ গোলে হারিয়ে শতভাগ জয়ের রেকর্ড নিয়ে নকআউট পর্বে উঠেছে।
বুধবার রাতে মেক্সিকো সিটির এস্তাদিও আজতেকায় অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধের শুরুতে ছয় মিনিটের মধ্যে দুটি গোল করে মেক্সিকোকে এগিয়ে দেন মাতেও চাভেজ ও হুলিয়ান কিনিওনেস। ৫৫তম মিনিটে নিজের প্রথম বিশ্বকাপে খেলতে নামা ২২ বছর বয়সি চাভেজ গোল করে দলকে এগিয়ে দেন। এর ছয় মিনিট পর ৬১তম মিনিটে টুর্নামেন্টে নিজের দ্বিতীয় গোলটি করেন কিনিওনেস। দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে তৃতীয় গোলটি করেন আলভারো ফিদালগো।
এই জয়ের মাধ্যমে ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের গ্রুপ পর্বের সব ম্যাচ জিতল মেক্সিকো। এর আগে দলটির সেরা সাফল্য ছিল দুই জয় ও এক ড্র, যা ১৯৮৬ ও ২০০২ সালে অর্জিত হয়েছিল। দুটি আসরেই বর্তমান কোচ হাভিয়ের আগুইরে যুক্ত ছিলেন—প্রথমবার খেলোয়াড় হিসেবে, পরে কোচ হিসেবে।
গ্রুপ ‘এ’-তে শীর্ষস্থান নিশ্চিত হওয়া মেক্সিকো এর আগেই নকআউট পর্বে জায়গা পাকা করে ফেলেছিল। প্রতিযোগিতায় টানা ১১ ম্যাচে অপরাজিত রয়েছে দলটি, সবশেষ হার ছিল গত নভেম্বরে পানামার বিপক্ষে এক প্রীতি ম্যাচে।
ম্যাচে মেক্সিকোর অতীত ও ভবিষ্যতের মেলবন্ধনও দেখা গেছে। ১৭ বছর বয়সি গিলবার্তো মোরা বিশ্বকাপে মেক্সিকোর সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে শুরুর একাদশে জায়গা পান। অন্যদিকে ৭৭তম মিনিটে মাঠে নামেন ৪০ বছর বয়সি অভিজ্ঞ গোলরক্ষক গিয়ের্মো ওচোয়া, যা সম্ভবত জাতীয় দলের জার্সিতে তাঁর শেষ ম্যাচ। এর মাধ্যমে আর্জেন্টিনার লিওনেল মেসি ও পর্তুগালের ক্রিস্তিয়ানো রোনালদোর পর তিনিও ছয়টি বিশ্বকাপে খেলার কৃতিত্ব অর্জন করেন। আগামী ১৩ জুলাই ৪১ বছর বয়সে পা দেওয়া ওচোয়া বিশ্বকাপ শেষে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়ে রেখেছেন।
গ্রুপ ‘এ’-এর শীর্ষস্থান অর্জনের ফলে শেষ বত্রিশের লড়াইয়ে মেক্সিকোর প্রতিপক্ষ হবে গ্রুপ ‘সি’, ‘ই’, ‘এফ’, ‘এইচ’ বা ‘আই’-এর তৃতীয় স্থানাধিকারী একটি দল, যা অন্য গ্রুপের ফলাফলের ওপর নির্ভর করছে। আগামী মঙ্গলবার আজতেকা স্টেডিয়ামেই সেই ম্যাচ খেলবে মেক্সিকো। অন্যদিকে তিন ম্যাচে মাত্র এক পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে চেক প্রজাতন্ত্র।
মতামত দিন