Views Bangladesh Logo

গ্রুপ-‘এ’

গতি আর নান্দনিক ফুটবলে এবারের বিশ্বকাপ মাতাবে মেক্সিকো

২০২৬ বিশ্বকাপে স্বাগতিক তিন দেশের একটি হিসেবে তারা নতুন ইতিহাস গড়ার স্বপ্নে মাঠে নামছে। এটি তাদের ১৮তম বিশ্বকাপ অংশগ্রহণ, যেখানে প্রতিবারই তারা অন্তত গ্রুপ পর্ব পেরোনোর লড়াইয়ে প্রতিদ্বন্দ্বী থাকে। তবে দ্বিতীয় রাউন্ডে থেমে যাওয়ার “কুইন্তো পার্তিদো” অভিশাপ ভাঙাই এবার প্রধান লক্ষ্য।

মেক্সিকোর ফুটবলের মূল বৈশিষ্ট্য হচ্ছে সুশৃঙ্খল, দ্রুত পাসিং ও গতিশীল আক্রমণভিত্তিক খেলা। দলটি সাধারণত ৪-৩-৩ ফরমেশনে খেলে, যেখানে মাঝমাঠ নিয়ন্ত্রণই তাদের শক্তির কেন্দ্র। ২০২৬ সালের ফিফা র‍্যাঙ্কিং অনুযায়ী, মেক্সিকো ১৫তম অবস্থানে রয়েছে।

বিশ্বকাপে অতীত রেকর্ড ও অংশগ্রহণ
মেক্সিকো বিশ্বকাপ ইতিহাসে অন্যতম অভিজ্ঞ দল। তারা এখন পর্যন্ত ১৭ বার বিশ্বকাপে অংশ নিয়েছে, যা তাদের ধারাবাহিকতার বড় প্রমাণ। ১৯৩০ সালে প্রথম বিশ্বকাপে অভিষেকের পর থেকে তারা প্রায় নিয়মিত অংশগ্রহণ করছে। তবে সাফল্যের দিক থেকে তাদের সর্বোচ্চ অর্জন এসেছে ১৯৭০ ও ১৯৮৬ সালে, যখন তারা স্বাগতিক হিসেবে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিল। এরপর থেকে তারা বারবার শেষ ষোলোতে থেমে গেছে, যা তাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে আছে।

শক্তিমত্তা
মেক্সিকোর প্রধান শক্তি হলো তাদের সুশৃঙ্খল, নান্দনিক ও গতিশীল ফুটবল। দলটি দ্রুত কাউন্টার অ্যাটাক, উইং-ভিত্তিক আক্রমণ এবং সংগঠিত দলীয় কাঠামোর ওপর নির্ভর করে। মাঝমাঠে বল নিয়ন্ত্রণ ও টেম্পো ধরে রাখার ক্ষমতা তাদের খেলার অন্যতম সৌন্দর্য। ঘরের দর্শকদের সমর্থনও তাদের জন্য বড় শক্তি হিসেবে কাজ করবে।

দুর্বলতা
তবে দুর্বলতার জায়গাও স্পষ্ট। সবচেয়ে বড় সমস্যা ফিনিশিংয়ে ধারাবাহিকতার অভাব। সুযোগ তৈরি করেও গোল করতে না পারা বড় ম্যাচে তাদের ভুগিয়েছে। ডিফেন্সিভ লাইনে চাপের সময় ভুল সিদ্ধান্ত এবং দ্রুত আক্রমণ সামলাতে অস্থিরতা দেখা যায়। পাশাপাশি একজন নির্ভরযোগ্য স্ট্রাইকারের অভাবও বড় চ্যালেঞ্জ।

খেলোয়াড়ভিত্তিক শক্তি ও দুর্বলতা
গোলরক্ষক বিভাগে মেক্সিকোর অভিজ্ঞতা থাকলেও বড় ম্যাচে স্থিরতা ধরে রাখা জরুরি। ডিফেন্সে শক্তিশালী ট্যাকলিং ও শারীরিক শক্তি থাকলেও পজিশনিং ও ডেড বল ডিফেন্স দুর্বল দিক হিসেবে দেখা যায়। মাঝমাঠ তাদের সবচেয়ে ভারসাম্যপূর্ণ অংশ—এখানে পাসিং, বল নিয়ন্ত্রণ ও আক্রমণ গঠনের দক্ষতা ভালো, তবে চাপের মুহূর্তে সৃজনশীলতা কমে যায়। আক্রমণভাগে উইঙ্গাররা খুব দ্রুত ও গতিশীল হলেও ফিনিশিং দক্ষতার ঘাটতি দলকে পিছিয়ে দেয়।

গুরুত্বপূর্ণ খেলোয়াড়
মেক্সিকোর ২০২৬ বিশ্বকাপে সম্ভাব্য গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের মধ্যে গোলরক্ষক হিসেবে অভিজ্ঞতা সম্পন্ন গুইলিয়ের্মো ওচোয়া থাকলে তিনি প্রথম পছন্দ হতে পারেন। তিনি সাইপ্রাসের ক্লাব এএল লিমাসোলের হয়ে খেলেন। ডিফেন্সে সেন্টার ব্যাকে এডসন আলভারেজ ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ওয়েস্ট হ্যাম ইউনাইটেডে খেলেন ও সিজার মন্টেস সিজার মন্টেস রুশ প্রিমিয়ার লিগের ক্লাব লকোমোটিভ মস্কোর হয়ে খেলেন। এবার বিশ্বকাপে দুজনই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। মাঝমাঠে ওরবেলিন পিনেদা ও লুইস চাভেজ খেলাটির গতি ও নিয়ন্ত্রণ সামলাবেন। আক্রমণভাগে সান্তিয়াগো গিমেনেজ প্রধান স্ট্রাইকার হিসেবে খেলবেন, আর হিরভিং লোজানো উইং থেকে গতি ও আক্রমণ তৈরি করবেন। এই খেলোয়াড়রা দলের কৌশলগত ভারসাম্য ও গোল করার সক্ষমতার মূল ভরসা হবে। ওরবেলিন পিনেদা গ্রিসের এএইকে এথেন্স, লুইস চাভেজ রাশিয়ার ডায়নামো মস্কো, সান্তিয়াগো গিমেনেজ ইতালির এসি মিলান এবং হিরভিং লোজানো আমেরিকার মেজর লিগ সকার ক্লাব সান দিয়েগো এফসি-তে খেলছেন।

গ্রুপ প্রতিপক্ষ ও সম্ভাবনা
গ্রুপ ‘এ’-তে মেক্সিকোর প্রতিপক্ষ হিসেবে রয়েছে দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া এবং ইউরোপিয়ান প্লে-অফ জয়ী দল (সম্ভবত ডেনমার্ক)। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মেক্সিকো টেকনিক্যালি এগিয়ে দক্ষিণ কোরিয়ার সঙ্গে লড়াই হবে কঠিন, বিশেষত গতির কারণে ডেনমার্ক এলে সেটি হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সব মিলিয়ে, স্বাগতিক সুবিধা ও অভিজ্ঞতা মেক্সিকোকে গ্রুপ পার হওয়ার শক্তিশালী দাবিদার করে তুলেছে।

এবারের সম্ভাবনা
ঘরের মাঠে খেলার সুবিধা, পরিচিত পরিবেশ এবং সমর্থকদের আবেগ মেক্সিকোকে বাড়তি শক্তি দেবে। যদি তারা তাদের সুশৃঙ্খল ও গতিশীল ফুটবল কার্যকরভাবে প্রয়োগ করতে পারে এবং ফিনিশিংয়ে উন্নতি আনে, তাহলে এবার শেষ ষোলো পেরিয়ে কোয়ার্টার ফাইনালে যেতে পারে কিংবা আরো অনেক দূর।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ