সামরিক অভিযানে কুখ্যাত মাদক সম্রাট নিহত, মেক্সিকো জুড়ে তাণ্ডব
মেক্সিকোর মোস্ট ওয়ান্টেড ব্যক্তি এবং জালিস্কো নিউ জেনারেশনের কার্টেলের প্রধান নেমেসিও ওসেগুয়েরা সারভান্তেস, যাকে এল মেনচো হিসেবে পরিচিত, দেশটির নিরাপত্তা বাহিনীর বিশেষ অভিযানে নিহত হয়েছেন। মেক্সিকোর প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। খবর বিবিসির।
রোববার (২২ ফেব্রুয়ারি) এল মেনচো তার সমর্থকদের সঙ্গে তাপালপা, জালিস্কো প্রদেশে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে মেক্সিকো সিটিতে নেওয়া হয়, যাত্রাপথেই তার মৃত্যু ঘটে।
অভিযানে এল মেনচোর সঙ্গে আরও চারজন জালিস্কো নিউ জেনারেশন কার্টেলের সদস্য নিহত হয়েছেন। নিরাপত্তা বাহিনীর তিনজন সদস্য আহত হয়েছেন। যুক্তরাষ্ট্র এ অভিযানে তথ্য দিয়ে সহযোগিতা করেছে।
এল মেনচোর মৃত্যুর পর জালিস্কো নিউ জেনারেশন কার্টেল দেশটির আটটি প্রদেশে তাণ্ডব চালায়। গোষ্ঠীটির সদস্যরা গাড়িতে আগুন জ্বালায়, রাস্তা অবরোধ করে এবং নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালায়। অর্ধ ডজনের বেশি শহরে তারা যানবাহন পুড়িয়ে দিয়েছে। সংঘর্ষের কারণে কমপক্ষে কয়েকটি রাজ্যে স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর মেক্সিকোর জালিস্কো, তামাউলিপাস, মিচোয়াকান, গুয়েরেরো ও নুয়েভো লিওনের কিছু এলাকায় মার্কিন নাগরিকদের সতর্কতা জারি করেছে।
মেক্সিকোর রাষ্ট্রপতি ক্লদিয়া শেনবাউম জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক পোস্টে তিনি জানিয়েছেন, দেশের বেশিরভাগ অঞ্চলে কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে।
৫৯ বছর বয়সী এল মেনচো মেক্সিকোর পুলিশের একজন সাবেক কর্মকর্তা ছিলেন। তিনি বিশাল অপরাধমূলক সংগঠন পরিচালনা করতেন এবং যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ কোকেন, মেথামফেটামিন ও ফেন্টানাইল পাচারের অভিযোগের মুখে ছিলেন। মার্কিন পররাষ্ট্র দপ্তর তাকে গ্রেপ্তারের জন্য তথ্য দিলে ১৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করেছিল। মেক্সিকোর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অভিযানটি বিশেষ বাহিনীর মাধ্যমে পরিকল্পিত ও কার্যকর করা হয়েছিল।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে