Views Bangladesh Logo

গার্লফ্রেন্ডের সূত্রেই ‘ধরা’ বিশ্বের কুখ্যাত মাদক সম্রাট

‘মোস্ট ওয়ান্টেড’ মাদক সম্রাট নেমেসিও ওসেগুয়েরা সারভান্তেস ওরফে ‘এল মেনচো’ নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত হওয়ার পর মেক্সিকোজুড়ে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, দেশটির ৩২টি অঙ্গরাজ্যের মধ্যে অন্তত ২০টিতে সহিংসতা শুরু হয়েছে। এতে মেক্সিকোর ন্যাশনাল গার্ডের অন্তত ২৫ জন সদস্য নিহত হয়েছেন।

বিবিসি জানিয়েছে, রোববার (২২ ফেব্রুয়ারি) মেক্সিকান বিশেষ বাহিনীর হাতে গ্রেপ্তারের কিছুক্ষণ পর হেফাজতেই মারা যান এল মেনচো। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে চরম অশান্তি ও বিশৃঙ্খলা দেখা দেয়।

এল মেনচোকে ধরতে কয়েক বছর ধরে চেষ্টা চালিয়ে আসছিল যুক্তরাষ্ট্র ও মেক্সিকো। সংগঠিত অপরাধ ও মাদক পাচারের অভিযোগে তার বিরুদ্ধে একাধিক গ্রেপ্তারি পরোয়ানা ছিল। মার্কিন সরকার তার মাথার দাম ১৫ মিলিয়ন ডলার ঘোষণা করেছিল।

মেক্সিকোর প্রতিরক্ষামন্ত্রী জেনারেল রিকার্দো ত্রেভিলা জানান, গোয়েন্দা তৎপরতার অংশ হিসেবে এল মেনচোর এক ‘রোমান্টিক পার্টনার’-এর ঘনিষ্ঠ সহযোগীকে শনাক্ত করা হয়। ওই সহযোগীর গতিবিধি অনুসরণ করেই বাহিনী নিশ্চিত হয় যে জালিস্কোর তাপালপা এলাকায় বিশেষ নিরাপত্তা নিয়ে অবস্থান করছেন এল মেনচো।

শুক্রবার ওই সহযোগী এল মেনচোর এক প্রেমিকাকে নিয়ে কমপ্লেক্সে যান। পরদিন প্রেমিকা সেখান থেকে বেরিয়ে গেলে বিশেষ বাহিনী অভিযান চূড়ান্ত করে। মেক্সিকান সেনাবাহিনী, ন্যাশনাল গার্ড ও বিমান বাহিনীর সমন্বয়ে অভিযান চালানো হয়। সীমান্তবর্তী রাজ্যগুলোতে ছয়টি হেলিকপ্টার ও অতিরিক্ত বিশেষ বাহিনী মোতায়েন ছিল।

অভিযানের সময় দুইবার দুইজন দেহরক্ষীকে নিয়ে পালানোর চেষ্টা করেন এল মেনচো। শেষ পর্যন্ত তাকে আটক করা হলেও গুরুতর আহত অবস্থায় রাজধানীতে নেওয়ার পথে তিনি মারা যান।

এল মেনচোর নেতৃত্বাধীন জালিসকো নিউ জেনারেশন কার্টেল (সিজেএনজি) মেক্সিকোর অন্যতম ভয়ঙ্কর অপরাধী সংগঠন হিসেবে পরিচিত। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সংগঠনটির সদস্যরা বিভিন্ন শহরে তাণ্ডব চালায়।

রাস্তায় পেরেক ও লোহার কাঁটা ছড়িয়ে সড়ক অবরোধ করা হয়। বাস ও অন্যান্য যানবাহনে আগুন দেওয়া হয়। বহু শহরে ব্যাংক ও স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠানেও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে এবং প্রধান সড়কগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ