মেট্রোরেলের নিরাপত্তায় নতুন পদক্ষেপ, চার পিয়ারে স্টিল ব্র্যাকেট
মেট্রোরেল লাইন-৬-এর নিরাপত্তা আরও জোরদার করতে সেফটি অডিট কমিটির সুপারিশ বাস্তবায়নে কাজ করছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। উচ্চ আদালতের নির্দেশনায় চিহ্নিত চারটি পিয়ারে স্টিল ব্র্যাকেট বসানোসহ বিভিন্ন কারিগরি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সোমবার (১০ আগস্ট) রাতে ডিএমটিসিএলের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এদিন সেফটি অডিট কমিটির সুপারিশ বাস্তবায়ন কমিটির ষষ্ঠ সভায় এ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়। ডিএমটিসিএল জানিয়েছে, পিয়ার ৪২৩, ৪৪২, ৪৪৬ ও ৪৪৮-এ মোট ১০টি স্টিল ব্র্যাকেট স্থাপন শেষ হয়েছে। পিয়ার ৪৪৮-এর বিয়ারিং প্যাডও পরিবর্তন করা হয়েছে। মজুদ থাকা আরও পাঁচটি বিয়ারিং প্যাড দ্রুত প্রতিস্থাপনের পাশাপাশি নতুন ২২টি বিয়ারিং প্যাড কেনার প্রক্রিয়াও চলছে।
কাঠামোর কোথাও বসে যাওয়া বা ফাটল তৈরি হচ্ছে কি না, তা পর্যবেক্ষণে ২৭টি পিয়ার হেডে সেটেলমেন্ট মার্কার বসানোর পরিকল্পনা করা হয়েছে। এর মধ্যে পাঁচটি সংগ্রহ করা হয়েছে। একইভাবে ২৭টি ক্র্যাক গেজ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে, যার দুটি ইতোমধ্যে সংগ্রহ করা হয়েছে।
পিয়ার হেড ও বক্স গার্ডারে থাকা ফাটলের স্থায়ী সমাধানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে (বুয়েট) স্ট্রাকচারাল কনসালট্যান্ট হিসেবে যুক্ত করার উদ্যোগ নিয়েছে ডিএমটিসিএল। পুরো কাঠামোর বিভিন্ন স্থানে ১০২টি ক্র্যাক গেজ বসানোর পরিকল্পনা রয়েছে। এর মধ্যে তিনটি কেনা হয়েছে এবং বাকিগুলো সংগ্রহের কাজ চলছে।
এদিকে মেট্রোরেলের ওভারহেড ক্যাটেনারি সিস্টেম ও বৈদ্যুতিক ব্যবস্থায় স্পার্কিংয়ের ঘটনাও পরীক্ষা করেছেন প্রকৌশলীরা। সমস্যা সমাধানে ইনসুলেটেড ওভারল্যাপের নকশা সংশোধনের কাজ শুরু হয়েছে। পাশাপাশি সব স্টেশন ও বিদ্যুৎকেন্দ্রের ওয়াটারপ্রুফিং এবং বিদ্যুৎ বিভ্রাটের সময় নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগের জরুরি ব্যবস্থার কাজও এগিয়ে চলছে।
ডিএমটিসিএল বলছে, তাৎক্ষণিক পদক্ষেপের পাশাপাশি সেফটি অডিট কমিটির মধ্যমেয়াদি সুপারিশ বাস্তবায়নের প্রস্তুতিও নেওয়া হচ্ছে। আদালতের নির্দেশনা ও বিশেষজ্ঞদের পরামর্শ অনুসারে এসব কাজ সম্পন্ন হলে মেট্রোরেল লাইন-৬-এর নিরাপত্তা ও পরিচালন ব্যবস্থায় আরও স্থিতিশীলতা আসবে বলে আশা করছে সংস্থাটি।
মতামত দিন