Views Bangladesh Logo

আজ থেকে মেট্রোরেল চলবে নতুন সূচিতে

 VB  Desk

ভিবি ডেস্ক

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) যাত্রীসেবার পরিধি আরও বাড়ানোর উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে উভয় প্রান্ত থেকে ট্রেন চলাচলের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে এবং চলাচলের সময় ২০ মিনিট করে বৃদ্ধি করা হয়েছে।

আজ রোববার (৭ জুন) থেকে মেট্রোরেলের চলাচলের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।

নতুন সময়সূচি অনুযায়ী, মতিঝিল থেকে উত্তরাগামী সর্বশেষ মেট্রো ট্রেনটি এখন থেকে রাত ১০টা ৩০ মিনিটে ছাড়বে। আগে এই ট্রেনটি ১০টা ১০ মিনিটে স্টেশন ত্যাগ করত। অন্যদিকে, উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলগামী সর্বশেষ ট্রেনটি ছাড়বে রাত ৯টা ৫০ মিনিটে। আগে এটি রাত ৯টা ৩০ মিনিটে ছেড়ে যেত।

রাতের এই বাড়তি সেবা চালু করার সিদ্ধান্ত হঠাৎ নেওয়া হয়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, গত এক মাস ধরে তারা এই সময়সূচি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছে। যাত্রী ও পরিচালনাগত সক্ষমতা যাচাইয়ের পর আজ থেকে তা কার্যকর করা হলো।

প্রাথমিকভাবে বাড়তি এই ২০ মিনিটে উভয় দিকেই একটি করে অতিরিক্ত ট্রিপ পরিচালনা করা হবে।বর্তমানে মেট্রোরেল নেটওয়ার্কে প্রতিদিন ২৯৭টি ট্রিপ পরিচালিত হচ্ছে। নতুন এই সময়সূচির ফলে ট্রিপের সংখ্যা আরও কিছুটা বৃদ্ধি পাবে। যাত্রীদের অব্যাহত চাহিদার কথা মাথায় রেখে ভবিষ্যতে চলাচলের সময় আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে ডিএমটিসিএল।

প্রসঙ্গত, ডিসেম্বর রাজধানী ঢাকায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে দেশের প্রথম মেট্রোরেল। প্রথমদিকে এমআরটি লাইন-৬-এর উত্তরা উত্তর থেকে আগারগাঁও অংশে সীমিত পরিসরে ট্রেন চলাচল শুরু হয়েছিল। পরে পর্যায়ক্রমে নতুন নতুন স্টেশন চালু করা হয়েছে এবং সেবার পরিধি ধারাবাহিকভাবে সম্প্রসারণ করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ