চলন্ত মেট্রোরেলের দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ ছিল চলাচল
চলন্ত অবস্থায় মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ার ঘটনায় নিরাপত্তার স্বার্থে উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনিট ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। পরে যান্ত্রিক ত্রুটি মেরামত করে পুনরায় মেট্রোরেল চলাচল স্বাভাবিক করা হয়।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে। এমআরটি পুলিশের অপারেশন শাখার পরিদর্শক মো. মহসীন শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকালে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশে ছেড়ে যাওয়া একটি মেট্রোরেলের পেছনের একটি দরজা চলন্ত অবস্থায় হঠাৎ খুলে যায়। বিষয়টি জানার পর যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে তাৎক্ষণিকভাবে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়।
সকাল ৭টা ৩৭ মিনিটে উত্তরা-মতিঝিল রুটে মেট্রোরেল চলাচল স্থগিত করা হয়। পরে সংশ্লিষ্ট কর্মীরা ট্রেনটির যান্ত্রিক ত্রুটি পরীক্ষা করে মেরামতের কাজ সম্পন্ন করেন।
মেরামত শেষে সকাল ৮টা ৩ মিনিটে আবার ট্রেন চলাচল শুরু হয়। ফলে ওই রুটে মোট ২৬ মিনিট মেট্রোরেল চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়।
বর্তমানে উত্তরা-মতিঝিল রুটে মেট্রোরেল চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মতামত দিন