উত্তরা-কমলাপুর মেট্রোরেলে যাত্রী চলাচল শুরু হবে আগামী বছরের জুলাইয়ে
রাজধানীর উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের নিরবচ্ছিন্ন যাত্রা শুরু হতে আরও অপেক্ষা করতে হচ্ছে। মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত এমআরটি লাইন-৬-এর সম্প্রসারণকাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ না হওয়ায় বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরুর সময় আবারও পরিবর্তন করা হয়েছে।
নতুন পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের জুলাইয়ে এ অংশে যাত্রী পরিবহন শুরু করার লক্ষ্য নিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ।
প্রকল্পসংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, সম্প্রসারিত অংশের নির্মাণকাজে অগ্রগতি হলেও গুরুত্বপূর্ণ বৈদ্যুতিক ও যান্ত্রিক ব্যবস্থার কাজ এখনো বাকি রয়েছে। ফলে অবকাঠামো নির্মাণ শেষ করার পাশাপাশি প্রয়োজনীয় প্রযুক্তিগত ব্যবস্থা স্থাপন, পরীক্ষা-নিরীক্ষা ও নিরাপত্তা যাচাই সম্পন্ন করেই যাত্রী পরিবহন শুরু করতে চায় কর্তৃপক্ষ।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) তথ্য অনুযায়ী, বর্তমানে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের চালু পথের দৈর্ঘ্য ২০ দশমিক ১০ কিলোমিটার। মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত আরও ১ দশমিক ১৬ কিলোমিটার যুক্ত হলে পুরো এমআরটি লাইন-৬-এর দৈর্ঘ্য হবে ২১ দশমিক ২৬ কিলোমিটার। তখন এ রুটে স্টেশনের সংখ্যা দাঁড়াবে ১৭টি।
গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রকল্পের অগ্রগতির হিসাব অনুযায়ী, মতিঝিল-কমলাপুর অংশের পূর্তকাজের ৮৪ দশমিক ৮৫ শতাংশ সম্পন্ন হয়েছে। অন্যদিকে, বৈদ্যুতিক ও যান্ত্রিক ব্যবস্থার কাজ শেষ হয়েছে ৫৮ শতাংশ। প্রকল্পের অবশিষ্ট মূল অবকাঠামো ও স্থাপত্যসংক্রান্ত কাজ ২০২৬ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে।
প্রকল্পের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত উড়ালপথ নির্মাণ ইতিমধ্যে শেষ হয়েছে। রেললাইন বসানোর প্রস্তুতির জন্য সেটি সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করা হয়েছে। কমলাপুর স্টেশনের মূল কাঠামো নির্মাণও সম্পন্ন হয়েছে। বর্তমানে স্টেশনের অভ্যন্তরীণ সাজসজ্জা, বৈদ্যুতিক ও যান্ত্রিক সরঞ্জাম স্থাপন এবং যাত্রীদের ওঠানামার প্রবেশ ও নির্গমন পথ তৈরির কাজ চলছে।
তবে নির্মাণকাজ শেষ হওয়ার পরপরই এই পথে ট্রেন চলাচল শুরু করা যাবে না। যাত্রী পরিবহনের উপযোগী করতে রেললাইন, বিদ্যুৎ সরবরাহ, সংকেত নিয়ন্ত্রণ, স্বয়ংক্রিয় ভাড়া আদায়, প্ল্যাটফর্ম স্ক্রিন ডোর, টেলিযোগাযোগ এবং লিফট ও এসকেলেটরসহ সাতটি সমন্বিত বৈদ্যুতিক ও যান্ত্রিক ব্যবস্থা সম্পূর্ণ সচল করতে হবে। এরপর বিভিন্ন ব্যবস্থার সমন্বিত পরীক্ষা এবং পরীক্ষামূলক ট্রেন পরিচালনার মাধ্যমে নিরাপত্তা ও কার্যকারিতা নিশ্চিত করা হবে।
এদিকে, কমলাপুর পর্যন্ত মেট্রোরেল সম্প্রসারণের সময়সূচি আগেও কয়েক দফা পরিবর্তন করা হয়েছে। প্রথমদিকে ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে এই অংশে ট্রেন চালুর পরিকল্পনা ছিল। পরে তা এপ্রিল-মে মাসে নির্ধারণ করা হয়। কিন্তু নির্মাণ ও আনুষঙ্গিক কারিগরি কাজের অগ্রগতি বিবেচনায় নিয়ে এবার জুলাই মাসকে নতুন লক্ষ্য হিসেবে নির্ধারণ করা হয়েছে।
সম্প্রসারণ প্রকল্পটি বাস্তবায়িত হলে রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ রেল যোগাযোগকেন্দ্র কমলাপুর সরাসরি মেট্রোরেল নেটওয়ার্কের আওতায় আসবে। এতে উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত সরাসরি যাতায়াতের সুযোগ তৈরি হবে। পাশাপাশি কমলাপুর রেলস্টেশনে আসা-যাওয়া করা যাত্রীদের জন্য আন্তনগর ট্রেন ও মেট্রোরেলের মধ্যে যোগাযোগ আরও সহজ হবে।
মতামত দিন