Views Bangladesh Logo

রোববার থেকে মেট্রোরেলের রাতের সেবা ২০ মিনিট বাড়ছে

আগামী রোববার (৭ জুন) থেকে মেট্রোরেলের রাতের চলাচলের সময় আরও ২০ মিনিট বাড়ানো হচ্ছে। এর ফলে উত্তরা ও মতিঝিল—উভয় দিকেই অতিরিক্ত ট্রেন চলবে।

বর্তমানে প্রতিদিন সকাল ৬টা ৩০ মিনিটে উত্তরা থেকে প্রথম ট্রেন মতিঝিলের উদ্দেশে ছেড়ে যায়। আর মতিঝিল থেকে উত্তরাগামী শেষ ট্রেন রাত ১০টা ১০ মিনিটে ছেড়ে যায়। নতুন সূচি অনুযায়ী, এই ট্রেন রাত ১০টা ৩০ মিনিটে ছাড়বে।

অন্যদিকে উত্তরা থেকে মতিঝিলগামী শেষ ট্রেন বর্তমানে রাত ৯টা ৩০ মিনিটে ছেড়ে গেলেও রোববার থেকে তা রাত ৯টা ৫০ মিনিটে ছাড়বে।

মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, রাতের সেবা বাড়ানোর বিষয়ে এক মাস পরীক্ষামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে। পরীক্ষামূলক কার্যক্রম সফল হওয়ায় এখন নিয়মিতভাবে উভয় দিকে একটি করে অতিরিক্ত ট্রিপ চালু করা হচ্ছে।

এর ফলে রাতের শেষ ভাগে ট্রেনের ব্যবধান (হেডওয়ে) হবে ১০ মিনিট।

ডিএমটিসিএলের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) নজরুল ইসলাম জানান, রাতের সেবা বাড়ানোর জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ধাপে ধাপে মেট্রোরেলের সেবার সময় আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের উচ্চপর্যায় থেকে আসবে।

উল্লেখ্য, ঢাকায় মেট্রোরেল সেবা আনুষ্ঠানিকভাবে চালু হয় ২০২২ সালের ২৮ ডিসেম্বর। প্রথমে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলাচল শুরু হলেও পরে ধাপে ধাপে স্টেশন বাড়ানো হয়। ২০২৩ সালের ৩১ ডিসেম্বর থেকে মতিঝিল পর্যন্ত সব স্টেশনে যাত্রী ওঠানামা শুরু হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ