Views Bangladesh Logo

ফেসবুক-ইনস্টাগ্রামে শিশুদের আসক্ত করার অভিযোগ নাকচ করল মেটা

মুনাফার জন্য ইচ্ছাকৃতভাবে শিশুদের ফেসবুক ও ইনস্টাগ্রামে আসক্ত করার অভিযোগ অস্বীকার করেছে মেটা প্ল্যাটফর্মস। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডের ফেডারেল আদালতে এ নিয়ে বহুল আলোচিত মামলার বিচার শুরু হয়েছে। দেশটির ২৯টি অঙ্গরাজ্যের একটি দ্বিদলীয় জোট মেটার বিরুদ্ধে শত শত কোটি ডলার জরিমানা এবং প্রতিষ্ঠানটির ব্যবসায়িক নীতিতে বড় পরিবর্তনের দাবি জানিয়েছে।

মামলায় অভিযোগ করা হয়েছে, মেটা ফেসবুক ও ইনস্টাগ্রাম এমনভাবে ডিজাইন করেছে যাতে কিশোর-কিশোরীরা দীর্ঘ সময় প্ল্যাটফর্মে আটকে থাকে। বাদীপক্ষের দাবি, এর ফলে শিশুদের মধ্যে উদ্বেগ, বিষণ্নতা ও আত্মহত্যার ঝুঁকি বেড়েছে। পাশাপাশি অভিভাবকদের যথাযথ অনুমতি ছাড়াই শিশুদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে মেটা মার্কিন আইন লঙ্ঘন করেছে বলেও অভিযোগ তোলা হয়েছে।

শুনানিতে ক্যালিফোর্নিয়ার ডেপুটি অ্যাটর্নি জেনারেল মেগান ও’নিল বলেন, মেটার ব্যবসায়িক মডেল হলো ব্যবহারকারীদের আসক্ত করা, দীর্ঘ সময় ধরে প্ল্যাটফর্মে রাখা, তাদের তথ্য সংগ্রহ করা এবং ঝুঁকির বিষয়গুলো গোপন রাখা। তিনি দাবি করেন, মেটার অভ্যন্তরীণ নথিতে কিশোর ব্যবহারকারীদের বেশি সময় প্ল্যাটফর্মে রাখাকে লক্ষ্য হিসেবে উল্লেখ করা হয়েছিল।

অন্যদিকে মেটার আইনজীবী পল স্মেড বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে কিছু মানুষের সমস্যা হতে পারে, তবে সেটিকে আসক্তি বলা বৈজ্ঞানিকভাবে প্রতিষ্ঠিত নয়। তাঁর দাবি, গবেষণায় কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের সঙ্গে মানসিক সুস্থতার সরাসরি সম্পর্কের প্রমাণ মেলেনি। তিনি আরও বলেন, মেটা ও এর প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ সব সময় সেবাকে আরও নিরাপদ ও উন্নত করার চেষ্টা করেছেন।

ছয় সপ্তাহব্যাপী বিচারপ্রক্রিয়ায় মার্ক জাকারবার্গ ও ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরির সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে। মামলাটি ২০২৩ সালে দায়ের করা হয়, যা মেটার সাবেক কর্মী ফ্রান্সিস হগেনের ফাঁস করা অভ্যন্তরীণ নথির ওপর ভিত্তি করে গড়ে ওঠে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ