ম্যাচ শেষে মেসির মুখে প্রতিপক্ষ গোলরক্ষকের প্রশংসা
মাঠের ৯০ মিনিটের লড়াই শেষ হলেও অনেক সময় ম্যাচ-পরবর্তী মুহূর্তই হয়ে ওঠে আলোচনার বিষয়। কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার জয় শেষে এমনই এক মানবিক দৃশ্যের জন্ম দেন অধিনায়ক লিওনেল মেসি, যার কেন্দ্রবিন্দুতে ছিলেন প্রতিপক্ষ গোলরক্ষক ভোজিনিয়া।
খেলা শেষে মেসির সঙ্গে কথা বলার ইচ্ছা নিয়ে তার কাছে যান ভোজিনিয়া। তবে নিজের কথা বলার আগেই আর্জেন্টাইন মহাতারকার আন্তরিক আচরণে আবেগাপ্লুত হয়ে পড়েন কেপ ভার্দের এই গোলরক্ষক।
ভোজিনিয়ার বর্ণনা অনুযায়ী, কাছে যেতেই মেসি তাকে জড়িয়ে ধরেন। এরপর তার পারফরম্যান্সের প্রশংসা করে আর্জেন্টাইন অধিনায়ক বলেন, ‘তুমি খুব প্রতিভাবান। তুমি একজন অসাধারণ গোলকিপার। তোমার দেশের মানুষের তোমার জন্য গর্ব করা উচিত।’
বিশ্ব ফুটবলের অন্যতম সেরা খেলোয়াড়ের কাছ থেকে এমন প্রশংসা পাওয়াকে নিজের ক্যারিয়ারের সবচেয়ে বড় স্বীকৃতিগুলোর একটি বলে মনে করছেন ভোজিনিয়া। তার ভাষায়, মেসির মতো একজন কিংবদন্তির মুখে নিজের সম্পর্কে ইতিবাচক মন্তব্য শোনা সত্যিই এক বিশেষ অনুভূতি, যা তিনি কখনো ভুলবেন না।
উল্লেখ্য, বিশ্বকাপের শেষ ৩২-এর রোমাঞ্চকর লড়াইয়ে কেপ ভার্দেকে অতিরিক্ত সময়ে ৩-২ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে লিওনেল স্কালোনির শিষ্যরা।
মতামত দিন