Views Bangladesh Logo

বিশ্বকাপে টানা সাত ম্যাচে গোল করে মেসির বিশ্বরেকর্ড

Sports Desk

ক্রীড়া ডেস্ক

লিওনেল মেসি মাঠে নামবেন আর নতুন কোনো রেকর্ড গড়বেন না- এ যেন কল্পনাই করা যায় না। চলমান বিশ্বকাপেও একের পর এক কীর্তি গড়ে চলেছেন আর্জেন্টাইন অধিনায়ক। এবার জর্ডানের বিপক্ষে বদলি হিসেবে নেমেই ফ্রি-কিক থেকে দুর্দান্ত এক গোল করে বিশ্বকাপে টানা সাত ম্যাচে গোল করার নজির গড়লেন তিনি।

জর্ডানের বিপক্ষে ম্যাচে বিশ্রাম দিয়ে শুরুতে বেঞ্চে রাখা হয়েছিল মেসিকে। প্রথম একাদশে না থাকলেও ম্যাচের ৬০তম মিনিটে তাকে মাঠে নামান কোচ লিওনেল স্কালোনি। মাঠে নামার কয়েক মিনিটের মধ্যেই নিজের চেনা ভঙ্গিতে ফ্রি-কিক থেকে বল জড়ান জালে। সেই গোলে আর্জেন্টিনার লিড আরও মজবুত হয়, আর ইতিহাসের পাতায় যুক্ত হয় নতুন এক অধ্যায়।

এই গোলের মাধ্যমে বিশ্বকাপে টানা সাত ম্যাচে গোল করার অনন্য কীর্তি গড়েছেন মেসি। এর আগে অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে টানা ছয় বিশ্বকাপ ম্যাচে গোল করার রেকর্ডে ফ্রান্সের জুস্ত ফঁতেন (১৯৫৮) এবং ব্রাজিলের জাইরজিনহোর (১৯৭০) পাশে নাম লিখিয়েছিলেন। এবার তাদের ছাড়িয়ে এককভাবে নতুন বিশ্বরেকর্ডের মালিক হলেন আর্জেন্টাইন মহাতারকা।

চলমান বিশ্বকাপে এটি মেসির ষষ্ঠ গোল। টুর্নামেন্টের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করার পর অস্ট্রিয়ার বিপক্ষে করেছিলেন জোড়া গোল। জর্ডানের বিপক্ষে ফ্রি-কিক থেকে করা গোলটি তাঁর গোলসংখ্যা ছয়ে নিয়ে যায়।

শুধু গোলই নয়, ম্যাচে নামার পর আর্জেন্টিনার আক্রমণে নতুন গতি এনে দেন মেসি। তাঁর উপস্থিতিতে বলের দখল, আক্রমণের ধার এবং সৃজনশীলতা আরও বেড়ে যায়। ফ্রি-কিকের নিখুঁত শটে আবারও প্রমাণ করেন, গুরুত্বপূর্ণ মুহূর্তে পার্থক্য গড়ে দেওয়ার ক্ষমতা এখনও তাঁর সবচেয়ে বড় শক্তি।

বিশ্বকাপের প্রতিটি ম্যাচে নতুন নতুন কীর্তি গড়ে চলা মেসি যেন আরও একবার জানিয়ে দিলেন- রেকর্ড ভাঙা ও নতুন ইতিহাস লেখা এখনও তাঁর নিত্যদিনের কাজ।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ