Views Bangladesh Logo

ক্লোসাকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা মেসি, গড়লেন একাধিক রেকর্ড

Sports Desk

ক্রীড়া ডেস্ক

লিওনেল মেসির নামের পাশে যুক্ত হলো আরও একটি বিশ্বরেকর্ড। অস্ট্রিয়ার বিপক্ষে গোল করে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।

ডালাসে অনুষ্ঠিত ম্যাচের ৩৮তম মিনিটে ফাকুন্দো মেদিনার বাঁ প্রান্ত থেকে আসা ক্রসে থিয়াগো আলমাদা চমৎকার ডামি দেন। বিভ্রান্ত হয়ে পড়ে অস্ট্রিয়ার রক্ষণভাগ। সেই সুযোগে বাঁ পায়ের নিখুঁত শটে জাল খুঁজে নেন মেসি। এই গোলেই বিশ্বকাপে তার গোলসংখ্যা দাঁড়ায় ১৭-তে।

এর আগে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার সঙ্গে ১৬ গোল নিয়ে যৌথভাবে শীর্ষে ছিলেন মেসি। অস্ট্রিয়ার বিপক্ষে গোল করে ক্লোসাকে পেছনে ফেলে বিশ্বকাপের ইতিহাসে একক সর্বোচ্চ গোলদাতার আসনে বসেছেন তিনি।

ম্যাচের শুরুতেই অবশ্য রেকর্ড গড়ার সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি মেসি। তৃতীয় মিনিটে লাওতারো মার্তিনেজকে বক্সের ভেতরে ফাউল করলে পেনাল্টি পায় আর্জেন্টিনা। কিন্তু সেই স্পটকিক পোস্টের বাইরে মেরে সুযোগ নষ্ট করেন তিনি।

তবে পেনাল্টি মিসের হতাশা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৩৮তম মিনিটে দৃষ্টিনন্দন গোলে কাঙ্ক্ষিত রেকর্ড নিজের করে নেন আর্জেন্টাইন অধিনায়ক।

আরও একটি বিরল কীর্তিও গড়েছেন মেসি। বিশ্বকাপে টানা ছয় ম্যাচে গোল করে ফ্রান্সের জ্যুস্ত ফন্তেন ও ব্রাজিলের জাইরজিনিয়োর রেকর্ডে ভাগ বসিয়েছেন তিনি।

তবে অনাকাঙ্ক্ষিত একটি রেকর্ডও নিজের নামে লিখিয়েছেন মেসি। অস্ট্রিয়ার বিপক্ষে পেনাল্টি মিস করে বিশ্বকাপে সবচেয়ে বেশি, তিনটি পেনাল্টি মিসের রেকর্ডের একক মালিক হয়েছেন তিনি। এর আগে ঘানার সাবেক স্ট্রাইকার আসামোয়া জিয়ানের সঙ্গে দুটি করে পেনাল্টি মিস নিয়ে যৌথভাবে শীর্ষে ছিলেন।

বিশ্বকাপে মেসি প্রথম পেনাল্টি মিস করেন ২০১৮ সালে আইসল্যান্ডের বিপক্ষে। ২০২২ সালে পোল্যান্ডের বিপক্ষে তাঁর শট ঠেকিয়ে দেন গোলরক্ষক ভয়চেখ শেঁসনি। আর এবার অস্ট্রিয়ার বিপক্ষে তিনি নিজেই শটটি পোস্টের বাইরে মারেন।

পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ট্রান্সফারমার্কেটের তথ্য অনুযায়ী, টাইব্রেকার বাদে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ক্যারিয়ারে এটি মেসির ৩৩তম পেনাল্টি মিস। এ পর্যন্ত তিনি নিয়েছেন ১৪৯টি পেনাল্টি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ