মেটাল ডিটেক্টরে তল্লাশির সময় হেসে দিলেন মেসি
২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোতে কেপ ভার্দের বিপক্ষে ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রের মিয়ামিতে পৌঁছানোর পর বিমানবন্দরে নিরাপত্তা তল্লাশির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি নিয়মিত নিরাপত্তা প্রক্রিয়ার অংশ হিসেবে মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশির সময় হালকা হেসে ওঠেন।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, হাতে ধরা মেটাল ডিটেক্টর দিয়ে একজন নিরাপত্তাকর্মী মেসিকে পরীক্ষা করছেন এবং সংক্ষিপ্ত ব্যক্তিগত তল্লাশিও চালান। আর্জেন্টিনা দলের সব সদস্যের ক্ষেত্রেই একই নিরাপত্তা প্রোটোকল অনুসরণ করা হয়।
পুরো প্রক্রিয়াজুড়ে মেসি ছিলেন স্বাভাবিক ও শান্ত। তল্লাশির একপর্যায়ে তার মুখে হাসি ফুটে ওঠে। কয়েক সেকেন্ডের সেই মুহূর্তই সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ভক্তদের দৃষ্টি আকর্ষণ করে।
ভিডিওটি নিয়ে অনেকেই নিরাপত্তাকর্মীদের পেশাদারিত্বের পাশাপাশি মেসির বিনয়ী আচরণের প্রশংসা করেছেন। তাদের মতে, বিশেষ কোনো সুবিধা না চেয়ে তিনি অন্য সবার মতোই নিরাপত্তা তল্লাশিতে সহযোগিতা করেছেন।
অনেকে আবার মজা করে মন্তব্য করেছেন, ‘GOAT (সর্বকালের সেরা) হলেও নিরাপত্তা তল্লাশি এড়ানো যায় না!’
মাঠের বাইরের এই ছোট্ট ঘটনাই আর্জেন্টিনার গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আলোচনার বিষয় হয়ে উঠেছে। আটবারের ব্যালন ডি’অরজয়ী মেসির স্বতঃস্ফূর্ত ও সহজ-সরল আচরণ আবারও তার বিনয়ী ব্যক্তিত্বের পরিচয় তুলে ধরেছে।
মতামত দিন