বিশ্বকাপ ফাইনালের হৃদয়ভাঙা হার শেষে নিজ শহর রোজারিওতে ফিরলেন মেসি
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের বেদনা নিয়ে নিজ শহর রোজারিওতে ফিরেছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি।
মঙ্গলবার (২১ জুলাই) সকালে স্ত্রী ও তিন সন্তানকে সঙ্গে নিয়ে একটি ব্যক্তিগত বিমানে রোজারিও বিমানবন্দরে পৌঁছান মেসি। স্থানীয় সময় সকাল সাড়ে ৬টার দিকে (০৯:৩০ জিএমটি) তার বিমানটি অবতরণ করে বলে স্থানীয় প্রশাসনের একটি সূত্র এএফপিকে জানিয়েছে।
ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনের প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, একটি ধূসর রঙের এসইউভি গাড়িতে করে মেসি ফুনেস শহরের একটি সুরক্ষিত আবাসিক এলাকায় প্রবেশ করছেন। রোজারিও সফরে এলে শহরতলির এই বাড়িতেই সাধারণত সময় কাটান আর্জেন্টাইন অধিনায়ক।
ফাইনালের পর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজের অনুভূতি প্রকাশ করেন মেসি। তিনি লেখেন, “এই কষ্ট ভাষায় প্রকাশ করার মতো নয়। এই ক্ষত সারতে অনেক সময় লাগবে। তবু আমাদের অর্জনের সুন্দর স্মৃতিগুলো আঁকড়ে ধরে রাখব। আজ হয়তো সেগুলো উপলব্ধি করা কঠিন, কিন্তু এই দল টানা দুটি বিশ্বকাপের ফাইনালে খেলেছে। একই সঙ্গে বিশ্বকাপ জয়ের জন্য স্পেনকে অভিনন্দন জানাই।”
রোববারের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ শিরোপা হাতছাড়া করে আর্জেন্টিনা। ম্যাচ শেষে আবেগ ধরে রাখতে না পেরে চোখের জল ফেলতে দেখা যায় ফুটবল মহাতারকা মেসিকে।
এদিকে, প্রধান কোচ লিওনেল স্কালোনি এবং জাতীয় দলের অধিকাংশ খেলোয়াড় সোমবার রাতে বুয়েনস আইরেসে পৌঁছালে হাজারো সমর্থক তাদের স্বাগত জানান। পতাকা, স্লোগান, করতালি ও আবেগঘন পরিবেশে দলটিকে বরণ করে নেন আর্জেন্টাইন সমর্থকেরা।
৩৯ বছর বয়সী মেসি এবারের বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেন। পুরো টুর্নামেন্টে তিনি ৮টি গোল করে আর্জেন্টিনাকে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
মতামত দিন