অস্ট্রিয়া ম্যাচে আরও তিন রেকর্ডের দ্বারপ্রান্তে মেসি
২০২৬ বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে আরও তিনটি বড় রেকর্ডের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। ওই ম্যাচে তার তিনটি গোলে ৩-০ ব্যবধানে জয় পায় আর্জেন্টিনা।
আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিকের পর বিশ্বকাপে মেসির মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৬-তে, যা জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার বিশ্বকাপ সর্বোচ্চ গোলের রেকর্ডের সমান। গ্রুপ পর্বে অস্ট্রিয়ার বিপক্ষে পরবর্তী ম্যাচে আর মাত্র একটি গোল করলেই ১৭ গোল নিয়ে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হয়ে যাবেন এই আর্জেন্টাইন মহাতারকা।
শুধু গোলের রেকর্ডই নয়, বিশ্বকাপে সর্বাধিক ম্যাচ জয়ের রেকর্ডও এখন মেসির নাগালে। আলজেরিয়ার বিপক্ষে জয়টি ছিল বিশ্বকাপে তার ১৬তম জয়, যেখানে ক্লোসার রেকর্ডও ১৬টি। অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনা জয় পেলে এবং মেসি মাঠে থাকলে সবচেয়ে বেশি জয় পাওয়া বিশ্বকাপ ফুটবলারের রেকর্ডটিও তার একার হয়ে যাবে।
তৃতীয় আরও একটি রেকর্ডের দ্বারপ্রান্তে রয়েছেন মেসি — বিশ্বকাপে দূরপাল্লার গোল। আলজেরিয়ার বিপক্ষে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের শটে করা গোলটি ছিল বিশ্বকাপে তার পঞ্চম দূরপাল্লার গোল, যা ব্রাজিলের কিংবদন্তি রবার্তো রিভেলিনোর রেকর্ডের সমান। ১৯৭০ ও ১৯৭৪ বিশ্বকাপে চেকোস্লোভাকিয়া, পেরু, উরুগুয়ে, জায়ারে এবং পূর্ব জার্মানির বিপক্ষে পাঁচটি দূরপাল্লার গোল করেছিলেন রিভেলিনো। মেসির পাঁচটি গোল এসেছে তিনটি ভিন্ন বিশ্বকাপ থেকে। এর মধ্যে ২০১৪ সালে বসনিয়া, ইরান ও নাইজেরিয়ার বিপক্ষে, ২০২২ সালে মেক্সিকো ও অস্ট্রেলিয়ার বিপক্ষে এবং চলতি বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে।
তাই অস্ট্রিয়ার বিপক্ষে আসন্ন ম্যাচটিতে একসঙ্গে তিনটি ঐতিহাসিক রেকর্ড নিজের করে নেওয়ার সুযোগ পাচ্ছেন ৩৮ বছর বয়সী এই আর্জেন্টাইন অধিনায়ক।
মতামত দিন