সরাসরি আলোচনা নয়, মধ্যস্থতাকারীর মাধ্যমে বার্তা আদান-প্রদান হচ্ছে: ইরান
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বর্তমানে কোনো সরাসরি আলোচনা হচ্ছে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তবে কয়েকটি ‘বন্ধু দেশ’-এর মাধ্যমে দুই পক্ষের মধ্যে বার্তা আদান-প্রদান চলছে।
বুধবার (২৫ মার্চ) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশের মাধ্যমে বার্তা পাঠাচ্ছে, আর ইরানও সেই বার্তার জবাবে নিজেদের অবস্থান ও সতর্কতা জানাচ্ছে। তবে এটিকে কোনোভাবেই ‘আলোচনা’ বলা যাবে না।
আরাগচি জানান, ইরান যুক্তরাষ্ট্রকে কঠোরভাবে সতর্ক করেছিল—দেশটির বিদ্যুৎকেন্দ্রে হামলা চালানো হলে তার পরিণতি গুরুতর হবে। এই সতর্কতার কারণেই যুক্তরাষ্ট্র নির্ধারিত ৪৮ ঘণ্টার মধ্যে সম্ভাব্য হামলার পরিকল্পনা থেকে সরে এসেছে বলে দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, ইরান যুদ্ধ চায় না এবং এই সংঘাত ইরান শুরু করেনি। তবে যুদ্ধের সমাপ্তি এমনভাবে হওয়া উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি আর না তৈরি হয়। শুধু যুদ্ধবিরতিতে ইরান সন্তুষ্ট নয় বলেও জানান তিনি।
গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালী প্রসঙ্গে আরাগচি বলেন, এটি ইরান ও ওমানের জলসীমার মধ্যে অবস্থিত এবং বর্তমান পরিস্থিতিতে এখানে জাহাজ চলাচলে নতুন নিয়ম আরোপের বিষয়টি বিবেচনায় রয়েছে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-এর যৌথ হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আলী খামেনেইসহ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হন। এর প্রতিক্রিয়ায় ইরান ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যা পুরো অঞ্চলে উত্তেজনা আরও বাড়িয়ে তোলে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে