সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন সেই দুলালী মারা গেছেন
রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মানসিক ভারসাম্যহীন নারী দুলালী (৪০) মারা গেছেন।
রোববার সকালে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয় বলে কর্তব্যরত চিকিৎসক নিশ্চিত করেছেন।
চিকিৎসকরা জানান, দুলালী তীব্র রক্তস্বল্পতা, শরীরের লবণ ও খনিজের ভারসাম্যহীনতা এবং সেপটিক শকে আক্রান্ত ছিলেন। অবস্থার অবনতি হলে শনিবার রাতে তাকে আইসিইউতে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
দুলালী দীর্ঘদিন ধরে মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।
উদ্ধারকারী মুছা করিম রিপন জানান, গত ২২ মে সকালে অসুস্থ অবস্থায় দুলালীকে একটি গলিতে পাওয়া যায়। এরপর তাকে একাধিক হাসপাতালে নেওয়া হলেও শুরুতে চিকিৎসা শুরু করা সম্ভব হয়নি। পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এলে তার চিকিৎসার ব্যবস্থা হয় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে।
এর আগে ‘দুলালীকে বাঁচাতে চাই’ লেখা প্ল্যাকার্ড নিয়ে গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান নেন ওই ব্যক্তি। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়।
পরবর্তীতে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার জানান, দুলালীর চিকিৎসার বিষয়টি সরকারি তত্ত্বাবধানে নেওয়া হয়েছে।
সব প্রচেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে