Views Bangladesh Logo

পুরুষই নারীর পরিচালক, এটা মেনেই আমরা রাজনীতিতে এসেছি: জামায়াত নেত্রী

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন নেসা সিদ্দীকা বলেছেন, নারীরা জামায়াতের আমির হতে পারবেন না। আমরা একটি ইসলামী দল। আসলে পুরুষই নারীর পরিচালক—এটা মেনে নিয়েই আমরা রাজনীতিতে এসেছি।

রোববার (১ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

এদিন প্রথমবারের মতো দলটির মহিলা শাখার চার গুরুত্বপূর্ণ প্রতিনিধির সঙ্গে বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে বসেন মহিলা জামায়াতের নেত্রীরা। ঘণ্টাব্যাপী বৈঠকে তারা বিভিন্ন অভিযোগ সিইসির কাছে উপস্থাপন করেন।

বৈঠকে অংশ নেন জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন নেসা সিদ্দীকা, সহকারী সেক্রেটারি সাঈদা রুম্মান, সদস্য মারজিয়া বেগম ও ডা. হাবিবা চৌধুরী সুইট।

বৈঠকে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের ও দলটির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য অলিউল্লাহ নোমান উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে নূরুন নেসা সিদ্দীকা বলেন, নারী শীর্ষ পদে থাকলেই নারীর উন্নয়ন হবে—এ ধারণা সঠিক নয়। এর আগে দেশে দুইজন নারী প্রধানমন্ত্রী ছিলেন, কিন্তু নারীদের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। জামায়াতে ইসলামি নারীর উন্নয়ন ও ক্ষমতায়নে বিশ্বাস করে।

জামায়াতের নারী নেত্রী হাবিবা চৌধুরী সুইট বলেন, আমরা স্থানীয় সরকার নির্বাচনে নারী প্রার্থী দিচ্ছি—এটা প্রমাণিত। ভবিষ্যতে নারীরা জামায়াতের গুরুত্বপূর্ণ পদে আসবে। পরবর্তী সময়ে সংসদ নির্বাচনেও নারীরা সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করবে।

বৈঠক শেষে জামায়াতের নারী নেত্রীরা অভিযোগ করেন, ভোটের প্রচারণায় গিয়ে তাদের নারী কর্মীরা বিভিন্ন জায়গায় হামলা ও হুমকির শিকার হচ্ছেন। ভোটের প্রচারে গেলে একদল লোক ভয়ভীতি দেখাচ্ছে। তারা সাইবার বুলিংয়েরও শিকার হচ্ছেন। এ বিষয়ে সাইবার সিকিউরিটি আইনে আইনি প্রস্তুতি নেওয়া হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ