Views Bangladesh Logo

ইতালিতে দীর্ঘতম সময় প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের রেকর্ড গড়লেন মেলোনি

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি দেশটির প্রজাতন্ত্রের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় সরকারপ্রধান হিসেবে দায়িত্ব পালনের নতুন রেকর্ড গড়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ইতালির বার্তা সংস্থা এএনএসএ এ তথ্য জানিয়েছে।

২০২২ সালের ২২ অক্টোবর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর শুক্রবার পর্যন্ত মোট ১ হাজার ৪১৩ দিন ক্ষমতায় রয়েছেন মেলোনি। এর মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির ইতিহাসেও সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালনকারী প্রধানমন্ত্রী হলেন তিনি।

এর আগে এই রেকর্ডের মালিক ছিলেন সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনি। তার দ্বিতীয় সরকার ২০০১ সালের ১১ জুন ক্ষমতায় আসে এবং ২০০৫ সালের ২৩ এপ্রিল পর্যন্ত দায়িত্ব পালন করে। ওই সরকারের মোট মেয়াদ ছিল ১ হাজার ৪১২ দিন।

মেলোনির এই রেকর্ড উদযাপনে শুক্রবার ইতালির দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী বারিতে বিশেষ আয়োজন করা হয়েছে। দেশটির সংবাদপত্র ইল সোলে ২৪ ওরে জানিয়েছে, এতে হাজার হাজার মানুষের সমাগম হতে পারে। সম্ভাব্য বিক্ষোভের কথা বিবেচনায় নিয়ে অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তাব্যবস্থা।

এদিকে মেলোনির দল ব্রাদার্স অব ইতালি প্রায় চার বছরের সরকারের বিভিন্ন কর্মকাণ্ড ও অর্জন তুলে ধরে একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওটির প্রচারণামূলক স্লোগান, ‘সবচেয়ে স্থিতিশীল সরকার, সবচেয়ে শক্তিশালী ইতালি।’

নিজের এই রেকর্ড নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রতিক্রিয়া জানিয়েছেন মেলোনি। তিনি বলেন, রেকর্ডটি তিনি কৃতজ্ঞতা ও গভীর দায়িত্ববোধের সঙ্গে গ্রহণ করছেন। তার মতে, দীর্ঘ সময় ক্ষমতায় থাকাই মূল বিষয় নয়, বরং রাজনৈতিক স্থিতিশীলতা একটি দেশকে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, কার্যকর সিদ্ধান্ত গ্রহণ, প্রতিশ্রুতি পূরণ এবং আন্তর্জাতিক অঙ্গনে সম্মান অর্জনের সুযোগ করে দেয়।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ