Views Bangladesh Logo

ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লার বসু ও মাঈন আহমেদের পদত্যাগ

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক মেঘমল্লার বসু এবং সহ-সভাপতি মাঈন আহমেদ সংগঠন থেকে পদত্যাগ করেছেন। তাদের পদত্যাগপত্র গ্রহণ করেছে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদ। একই সাংগঠনিক বাস্তবতার কারণে সহ-সভাপতি নাজিফা জান্নাতকেও দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শনিবার (২৫ জুলাই) ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক শিমুল কুম্ভকারের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন একটি রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় একই সঙ্গে দুটি রাজনৈতিক সংগঠনের নীতিনির্ধারণী দায়িত্ব পালন করলে সাংগঠনিক মতদ্বৈততা বা স্বার্থের সংঘাত (কনফ্লিক্ট অব ইন্টারেস্ট) তৈরি হতে পারে। এতে উভয় সংগঠনের কার্যক্রম ও সাংগঠনিক দায়বদ্ধতা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

এ কারণে মেঘমল্লার বসু ও মাঈন আহমেদ স্বেচ্ছায় পদত্যাগপত্র জমা দেন। তাদের রাজনৈতিক অবস্থান ও পদত্যাগের কারণ পর্যালোচনা করে কেন্দ্রীয় কমিটি তা গ্রহণের সিদ্ধান্ত নেয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

ছাত্র ইউনিয়ন জানায়, একই ধরনের সাংগঠনিক বাস্তবতার কারণে কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি নাজিফা জান্নাতকেও সংগঠনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সংগঠনটি বলেছে, আদর্শিক অবস্থান, সাংগঠনিক শৃঙ্খলা ও স্বচ্ছতা বজায় রাখার স্বার্থেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে একাধিক রাজনৈতিক সংগঠনের নীতিনির্ধারণী দায়িত্ব পালন ছাত্র ইউনিয়নের সাংগঠনিক নীতির পরিপন্থী।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিদায়ী নেতাদের সাংগঠনিক অবদানকে ছাত্র ইউনিয়ন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে এবং তাদের ভবিষ্যৎ রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনের সফলতা কামনা করছে। পাশাপাশি শিক্ষার অধিকার, অসাম্প্রদায়িকতা, গণতন্ত্র, সাম্রাজ্যবাদবিরোধী সংগ্রাম এবং বৈষম্যহীন সমাজতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার আন্দোলনে পূর্বের মতোই সক্রিয় থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে সংগঠনটি।

এদিকে পদত্যাগের বিষয়ে যোগাযোগ করা হলে মেঘমল্লার বসু বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি সঠিক।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ