Views Bangladesh Logo

মেঘমল্লার বসু লাইফ সাপোর্টে

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিল সদস্য মেঘমল্লার বসু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন।
শারীরিক অবস্থার অবনতি হলে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে তাঁকে হাসপাতালের মেডিসিন বিভাগের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়।

বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আইসিইউর মেডিকেল কর্মকর্তা ডা. হাসান আল বান্না বলেন, ‘মেঘমল্লার বসুকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। আমরা চিকিৎসা চালিয়ে যাচ্ছি।’

হাসপাতাল সূত্র জানায়, সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের গেট এলাকা থেকে অসুস্থ অবস্থায় মেঘমল্লার বসুকে উদ্ধার করা হয়। পরে তাঁর পরিচিত ব্যক্তিরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে বিষক্রিয়ার আশঙ্কায় চিকিৎসকেরা তাঁর পাকস্থলী পরিষ্কার করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, ‘চিকিৎসকেরা মনে করেছেন তাঁকে আইসিইউতে নেওয়া দরকার। মঙ্গলবার বিকেল থেকে তাঁর শারীরিক অবস্থা খারাপ যাচ্ছিল। এ কারণেই চিকিৎসকেরা তাঁকে আইসিইউতে দিয়েছেন।’

জানা গেছে, প্রথমে মেঘমল্লার বসুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৬০২ নম্বর কক্ষের ৩ নম্বর শয্যায় ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ