দ্বিতীয় দিনের মতো চক্ষু বিজ্ঞান হাসপাতালে চিকিৎসাসেবা বন্ধ
টানা দ্বিতীয় দিনের মতো বৃহস্পতিবারও জাতীয় চক্ষু বিজ্ঞান ও হাসপাতালের সব ধরনের চিকিৎসাসেবা বন্ধ রয়েছে। ফলে রোগীরা মারাত্মক দুর্ভোগে পড়েছেন।
গতকাল বুধবার হাসপাতাল প্রাঙ্গণে জুলাইযোদ্ধা-কর্মচারী সংঘর্ষের জেরে জরুরি ও নিয়মিত চিকিৎসাসেবা প্রথমবারের মতো বন্ধ করে দেয়া হয়।
গত দুই দিনে দুটি পৃথক ঘটনার পর হাসপাতালের চিকিৎসক-নার্সসহ অন্যান্য কর্মী বৃহস্পতিবার সকাল থেকে কর্মবিরতি শুরু করেন। এ অবস্থায় তারা তাদের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
বৃহস্পতিবার পৌনে ২টার দিকে হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. জানে আলম বলেন, ‘আমি বর্তমানে ক্যাম্পাসের বাইরে আছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী সব সেবা বন্ধ রয়েছে।’
চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য বৃহস্পতিবার বিকেলে একটি বৈঠক নির্ধারিত থাকলেও এ বিষয়ে তিনি বিস্তারিত কোনো তথ্য দিতে পারেননি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে