২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হামে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৪২ জন।
শুক্রবার (২ অক্টোবর) বিকেলে নিয়মিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় শুধু ঢাকা বিভাগেই হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে এ বিভাগে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে।
এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে ২ অক্টোবর পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট ১ হাজার ১১৪ শিশুর মৃত্যু হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, একই সময়ে সারা দেশে হামের উপসর্গ দেখা দিয়েছে মোট ১ লাখ ৯৪ হাজার ৮৪ শিশুর মধ্যে। এর মধ্যে ২১ হাজার ৬২৩ শিশুর হামে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে।
এদিকে ১৫ মার্চ থেকে ২ অক্টোবর পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ১ লাখ ৭২ হাজার ২১ শিশু ভর্তি হয়েছে। তাদের মধ্যে এখন পর্যন্ত ১ লাখ ৬৬ হাজার ৯৩৩ শিশু সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে।
মতামত দিন