Views Bangladesh Logo

৬ বছর পর্যন্ত সব শিশুদের হামের ভ্যাকসিন দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

আগামী ২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে শূন্য থেকে ৬ বছর বয়সী সব শিশুকে হামের ভ্যাকসিন দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। কোনো শিশু যেন টিকাদান কর্মসূচির বাইরে না থাকে, সে জন্য বাড়ি থেকে শিশুদের নিয়ে এসে টিকা দেওয়ার ব্যবস্থা করতে নেতা-কর্মীদের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে রূপগঞ্জের পাড়াগাঁও ঈদগাহ মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, দেশের প্রতিটি মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। শিশুদের টিকাদান কর্মসূচিকে সফল করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

দেশে ডেঙ্গুর প্রকোপ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবাইকে একযোগে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিতে হবে। বাড়ির আঙিনা, ফুলের টব, পরিত্যক্ত টায়ারসহ যেসব স্থানে পানি জমে এডিস মশার বংশবিস্তার হতে পারে, সেসব জায়গা নিয়মিত পরিষ্কার রাখতে হবে।

সরদার সাখাওয়াত হোসেন বলেন, ডেঙ্গুর বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সম্মিলিতভাবে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা গেলে এ রোগের বিস্তার অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।

অনুষ্ঠান শেষে রূপগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে এবং স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকের সহযোগিতায় আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে অংশ নেন মন্ত্রী। এ সময় তিনি মুক্তিযোদ্ধাদের মধ্যে বিনা মূল্যে মেডিকেল হেলথ কার্ড বিতরণ করেন। পরে পাড়াগাঁও ঈদগাহ পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ