Views Bangladesh Logo

হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছাড়াল, একদিনে আরও ৩ প্রাণহানি

দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও তিনজনের মৃত্যু হওয়ায় গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২ জন। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ৯০২ জন এবং নিশ্চিত হামে ১০০ জনের মৃত্যু হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১১৯ জন রোগী শনাক্ত হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশে হামের উপসর্গযুক্ত রোগী শনাক্ত হয়েছেন ১ লাখ ৬৭ হাজার ৫৮০ জন। একই সময়ে নিশ্চিতভাবে হাম আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ৯০৪ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৬৯ জনের।

এদিকে হাম ও এর উপসর্গ নিয়ে আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বিপুলসংখ্যক রোগী। গত ১৫ মার্চ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৩৯৩ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৪১ হাজার ৮১৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে তিনজনের মৃত্যু হলেও নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হাম আক্রান্ত হয়ে ১০০ জনের মৃত্যু হয়েছে।

এর আগে গত কয়েকদিনের পরিসংখ্যানেও হামের উপসর্গে ধারাবাহিক মৃত্যুর তথ্য উঠে এসেছে। ৮ সেপ্টেম্বর পর্যন্ত হাম ও এর উপসর্গে মৃতের সংখ্যা ৯৯৯ জনে পৌঁছেছিল। নতুন করে তিনজনের মৃত্যু হওয়ায় সেই সংখ্যা এখন এক হাজার দুইয়ে দাঁড়িয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ