সিলেটে হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা অর্ধশত ছাড়ালো
সিলেট বিভাগে হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা অর্ধশত ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় সিলেটে ৪ শিশুর মৃত্যু হয়েছে। এতে বিভাগের চার জেলা মিলে হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা ৫১ জনে উন্নিত হয়েছে।
শনিবার (২৩ মে) সকালে সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘন্টায় নগরের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল ও এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চার শিশুর মৃত্যু হয়। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলার একজন করে শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে মারা যাওয়া দুই শিশুর বাড়ি সিলেট সদর ও বিয়ানীবাজার উপজেলায়।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের প্রতিবেদনে আরও জানানো হয়, শুক্রবার (২২ মে) সিলেটে একদিনে সর্বোচ্চ ৫ শিশু হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে মরা গিয়েছিল। এখন পর্যন্ত সিলেট বিভাগে মারা যাওয়া ৫১ শিশুর মধ্যে চার জন হামে আক্রান্ত হয়ে এবং অপর ৪৭ জন উপসর্গ নিয়ে মারা গেছে। গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে নতুন করে ১৫৮ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৯৫ জন রোগী।
তবে এই সময়ে নমুনা পরীক্ষায় নতুন করে কারও হামে আক্রান্ত হওয়ার তথ্য শনাক্ত হয়নি বলে স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে জানানো হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে