হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৯০৮
দেশে হামের প্রকোপে পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ১০১ জনের শরীরে হাম বা হামের উপসর্গ দেখা গেছে।
রোববার (১৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ৯০৮ শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৮০৯ শিশু। আর পরীক্ষায় হাম নিশ্চিত হওয়ার পর মৃত্যু হয়েছে আরও ৯৯ শিশুর। অর্থাৎ মোট মৃত্যুর বড় অংশই ঘটেছে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত শিশুদের মধ্যে।
এদিকে গত ১৫ মার্চ থেকে ১৬ আগস্ট পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা এক লাখ ৪২ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে প্রায় ১৮ হাজার রোগীর শরীরে পরীক্ষার মাধ্যমে হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে এক হাজার ১০১ জন রোগী শনাক্ত বা সন্দেহজনক হিসেবে তালিকাভুক্ত হয়েছে। এর ফলে দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে।
পরিস্থিতি মোকাবিলায় আক্রান্ত শিশুদের দ্রুত শনাক্ত করে চিকিৎসার আওতায় আনা এবং সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে শিশুদের মধ্যে হামের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হচ্ছে।
মতামত দিন