হাম উপসর্গে আরও ৯ মৃত্যু, মোট প্রাণহানি ১,৩৬১
দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় এ রোগে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট প্রাণহানি দাঁড়িয়েছে ১ হাজার ৩৬১ জনে। একই সময়ে নতুন করে ৬৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, সোমবার (২৩ নভেম্বর) সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে ১ হাজার ২৮৩ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছেন।
বিভাগভিত্তিক হিসাবে, ঢাকা বিভাগে সর্বোচ্চ ৫২৬ জন সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছেন। এ ছাড়া চট্টগ্রামে ১৮৩ জন, সিলেটে ১৬৭ জন, বরিশালে ১৩৮ জন, খুলনায় ১০৭ জন, ময়মনসিংহে ৯০ জন, রাজশাহীতে ৩৯ জন এবং রংপুরে ৩৩ জন শনাক্ত হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে মারা যাওয়া ৯ জনের মধ্যে ঢাকা ও সিলেট বিভাগে তিনজন করে রয়েছেন। এ ছাড়া চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগে একজন করে মারা গেছেন। তবে এ সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৪ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত দেশে ২ লাখ ৫৯ হাজার ১৯০ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছেন। তাঁদের মধ্যে ২৬ হাজার ৩০০ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে। এ সময়ে সন্দেহজনক হামে ১ হাজার ২৫৬ জন এবং নিশ্চিত হামে ১০৫ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে প্রাণহানির সংখ্যা ১ হাজার ৩৬১ জন।
মতামত দিন