২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,২৩১
দেশে হামের পরিস্থিতি এখনো উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৩১ শিশু।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৭২ জন। একই সময়ে ১ হাজার ১৫৯ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৮৮০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামেও মারা গেছে ৯৯ জন। সব মিলিয়ে হামের উপসর্গ ও নিশ্চিত হাম মিলিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৭৯ জনে।
এদিকে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ১৯ হাজার ৩৮৪ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৯ হাজার ১৫০ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ সময়ে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৩৯ হাজার ৫১৯ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ৩৪ হাজার ৪৫৮ জন।
নতুন করে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় হামের বিস্তার নিয়ে উদ্বেগ অব্যাহত রয়েছে। বিশেষ করে শিশুদের মধ্যে উপসর্গ নিয়ে মৃত্যুর ঘটনা বাড়ায় পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্যসেবা ও নজরদারি কার্যক্রম আরও জোরদারের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
মতামত দিন