৩৬ বছরের অপেক্ষার অবসান, ম্যাকগিনের গোলে বিশ্বকাপে জয় পেল স্কটল্যান্ড
৩৬ বছর পর ফুটবল বিশ্বকাপে জয়ের স্বাদ পেল স্কটল্যান্ড। ২৮ বছর পর বিশ্বকাপের মূলপর্বে ফিরে প্রথম ম্যাচেই পূর্ণ তিন পয়েন্ট তুলে নিয়েছে স্টিভ ক্লার্কের দল। রোববার (১৪ জুন) যুক্তরাষ্ট্রের বোস্টনের স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘সি’ গ্রুপের ম্যাচে হাইতিকে ১-০ গোলে হারিয়েছে স্কটিশরা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে স্কটল্যান্ড। বলের দখল ও আক্রমণে এগিয়ে থেকে তারা হাইতির রক্ষণভাগকে চাপে রাখে। এর ফলও পেয়ে যায় ৩০ মিনিটের আগেই।
২৮তম মিনিটে প্রথম বড় সুযোগ তৈরি করেন চে অ্যাডামস। তার জোরালো শট হাইতির গোলরক্ষক দুর্দান্ত দক্ষতায় ঠেকিয়ে দিলেও বিপদ পুরোপুরি কাটেনি। ফিরতি বলে বক্সের সামনে সুযোগ পেয়ে যান জন ম্যাকগিন। স্কটিশ মিডফিল্ডার আলতো ছোঁয়ায় বল জড়িয়ে দেন জালে। বিশ্বকাপে ২৮ বছর পর ফিরে স্কটল্যান্ডের প্রথম গোলটি আসে তার পা থেকেই।
গোলের পর আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে স্কটল্যান্ড। তবে ম্যাচে সহজে হার মানেনি ৫২ বছর পর বিশ্বকাপে ফেরা হাইতি। দ্রুত পাল্টা আক্রমণে বেশ কয়েকবার স্কটিশ রক্ষণভাগকে পরীক্ষা নেয় তারা। বিশেষ করে দ্বিতীয়ার্ধে হাইতির একাধিক আক্রমণ স্কটল্যান্ডকে চাপে ফেললেও গোলরক্ষক ও ডিফেন্ডারদের দৃঢ়তায় সমতা ফেরাতে পারেনি ক্যারিবীয় দলটি।
পরিসংখ্যানে বলের লড়াই ছিল প্রায় সমান সমান। মাঝমাঠের নিয়ন্ত্রণের ক্ষেত্রেও হাইতি বেশ ভালো প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলে। আক্রমণের সংখ্যাতেও পিছিয়ে ছিল না তারা। তবে শেষ মুহূর্তের ব্যর্থতা ও ফিনিশিংয়ের অভাবে গোলের দেখা পায়নি হাইতিয়ানরা।
১৯৯৮ সালের বিশ্বকাপে গ্রুপপর্বে একটি ম্যাচও জিততে পারেনি স্কটল্যান্ড। এরপর দীর্ঘ ২৮ বছর বিশ্বকাপের মূলমঞ্চের বাইরে থাকার পর এবার ফিরেই ইতিহাস গড়ল তারা। ১৯৯০ সালের পর বিশ্বকাপে এটিই স্কটল্যান্ডের প্রথম জয়। একই সঙ্গে বিশ্বকাপ ইতিহাসে এটি স্কটিশদের পঞ্চম জয়।
এই জয়ে ‘সি’ গ্রুপে শক্ত অবস্থান তৈরি করেছে স্টিভ ক্লার্কের দল। আর জয়ের নায়ক হয়ে ম্যাচসেরা পারফরম্যান্স উপহার দেন একমাত্র গোলদাতা জন ম্যাকগিন।

মতামত দিন