Views Bangladesh Logo

জোড়া গোলে ক্লোসার রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

Sports Desk

ক্রীড়া ডেস্ক

ইরাকের ভুলে নিজের দ্বিতীয় গোল করে বিশ্বকাপ ইতিহাসে আরেকটি মাইলফলক স্পর্শ করলেন কিলিয়ান এমবাপ্পে। ২০২৬ বিশ্বকাপে ফ্রান্স–ইরাক ম্যাচের ৫৪ মিনিটে পাওয়া এ গোলের মাধ্যমে বিশ্বকাপে তার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৬-তে, যা জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার সমান।

দ্বিতীয়ার্ধের শুরুতে নিজেদের রক্ষণভাগের ভুলে বিপদ ডেকে আনে ইরাক। আহমেদ কাসেমের ব্যাকপাসটি এতটাই জোরে ছিল যে গোলরক্ষক আহমেদ বাসিল সেটি নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হন। সুযোগ বুঝে বল দখলে নেন উসমান দেম্বেলে। তবে নিজে শট না নিয়ে নিঃস্বার্থভাবে বল বাড়িয়ে দেন এমবাপ্পেকে। ফরাসি অধিনায়ক সহজ টোকায় বল জালে পাঠিয়ে ব্যবধান ২–০ করেন।

এই গোলের মাধ্যমে বিশ্বকাপের সর্বকালের গোলদাতাদের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ক্লোসাকে স্পর্শ করলেন এমবাপ্পে। এখন তার সামনে আছেন শুধু লিওনেল মেসি, যার বিশ্বকাপ গোলসংখ্যা ১৮। আর্জেন্টাইন মহাতারকার রেকর্ড ছুঁতে এমবাপ্পের প্রয়োজন আর মাত্র দুটি গোল।

মাত্র ২৭ বছর বয়সেই বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সেরা গোলদাতাদের কাতারে জায়গা করে নেওয়া এমবাপ্পে এবার মেসির রেকর্ড ভাঙারও জোরালো ইঙ্গিত দিয়ে রাখলেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ