Views Bangladesh Logo

পেনাল্টি মিসের ব্যাখ্যায় রেফারির দিকে আঙুল তুললেন এমবাপ্পে

Sports Desk

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ফ্রান্স। ম্যাচে একটি গোল করলেও পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। ম্যাচ শেষে সেই মিসের কারণ হিসেবে দীর্ঘ ভিএআর পর্যালোচনা ও রেফারির আচরণকে দায়ী করেছেন তিনি।

ম্যাচের ২৮তম মিনিটে বক্সের ভেতরে নুসাইর মাজরাউইয়ের ফাউলের শিকার হয়ে পেনাল্টি আদায় করেন এমবাপ্পে। তবে কিক নেওয়ার আগে ভিএআর পর্যালোচনার কারণে তাকে প্রায় ৩ মিনিট ১০ সেকেন্ড অপেক্ষা করতে হয়।

এই সময় পেনাল্টি স্পটের কাছে দাঁড়িয়ে ছিলেন উসমান দেম্বেলে, যাতে মরক্কোর খেলোয়াড়রা স্পট নষ্ট করতে না পারেন। দীর্ঘ অপেক্ষার পর এমবাপ্পে শট নিলেও সেটি ছিল তুলনামূলক দুর্বল। ফলে সহজেই বল ঠেকিয়ে দেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনু।

পেনাল্টি মিসের পর হতাশা প্রকাশ করেন এমবাপ্পে। পরে হাইড্রেশন বিরতির সময় রেফারির কাছে গিয়ে নিজের অসন্তোষও জানান তিনি।

ম্যাচ শেষে এমবাপ্পে বলেন, আমি পেনাল্টিটা মিস করেছি কারণ সেখানে একটা বিভ্রান্তি তৈরি হয়েছিল। রেফারি প্রথমে বলেছিলেন এটি পেনাল্টি, পরে এসে বললেন, এটি হয়তো পেনাল্টি নাও হতে পারে। এতে আমার মনোযোগ পুরোপুরি নষ্ট হয়ে যায়। আগে কখনও এমন পরিস্থিতির মুখোমুখি হইনি।

এদিকে, ব্রিটিশ সম্প্রচারমাধ্যম আইটিভির ধারাভাষ্যকার অ্যালি ম্যাককোইস্টও ভিএআর পর্যালোচনায় অতিরিক্ত সময় নেওয়ার সমালোচনা করেছেন। তবে তিনি মনে করেন, এমবাপের পেনাল্টি নেওয়ার ধরনও প্রশ্নের জন্ম দিয়েছে।

ম্যাককোইস্ট বলেন, দীর্ঘ অপেক্ষা অবশ্যই বিরক্তিকর। কিন্তু তাই বলে এভাবে থেমে থেমে দৌড়ে এসে গোলরক্ষকের নাগালে বল মারার কোনো কারণ নেই। রান-আপে আরও আত্মবিশ্বাস ও স্পষ্ট পরিকল্পনা থাকা উচিত ছিল।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ