একাদশ শ্রেণিতে ভর্তিতে সর্বোচ্চ ফি ৮৫০০ টাকা
২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষাপ্রতিষ্ঠানভেদে সেশন চার্জ ও ভর্তি ফি নির্ধারণ করেছে শিক্ষা মন্ত্রণালয়। নির্ধারিত নীতিমালা অনুযায়ী, এবার সর্বনিম্ন ১ হাজার ৫০০ টাকা থেকে সর্বোচ্চ ৮ হাজার ৫০০ টাকা পর্যন্ত ভর্তি ফি নেওয়া যাবে।
সোমবার (২৪ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ প্রকাশিত একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা থেকে এসব তথ্য জানা গেছে।
নীতিমালা অনুযায়ী, সর্বোচ্চ ৮ হাজার ৫০০ টাকা নেওয়া যাবে ঢাকা মহানগর এলাকার নন-এমপিও বা আংশিক এমপিও কলেজে ইংরেজি ভার্সনে ভর্তির ক্ষেত্রে। একই ধরনের কলেজে বাংলা ভার্সনে ভর্তি ফি ৭ হাজার ৫০০ টাকা।
এমপিওভুক্ত কলেজে ঢাকার মহানগর এলাকায় বাংলা ও ইংরেজি ভার্সনে ভর্তি ফি ৫ হাজার টাকা। ঢাকা ছাড়া অন্যান্য মহানগর এলাকায় এ ফি ৩ হাজার টাকা। জেলা পর্যায়ে ২ হাজার টাকা এবং উপজেলা ও মফস্সল এলাকায় ১ হাজার ৫০০ টাকা নেওয়া যাবে।
নন-এমপিও কলেজে ঢাকা মহানগর এলাকায় বাংলা ভার্সনে ৭ হাজার ৫০০ টাকা এবং ইংরেজি ভার্সনে ৮ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ঢাকা ছাড়া অন্যান্য মহানগর এলাকায় বাংলা ভার্সনে ৫ হাজার এবং ইংরেজি ভার্সনে ৬ হাজার টাকা নেওয়া যাবে।
জেলা পর্যায়ে নন-এমপিও কলেজে বাংলা ভার্সনে ৩ হাজার ও ইংরেজি ভার্সনে ৪ হাজার টাকা ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে। উপজেলা ও মফস্সল এলাকায় বাংলা ভার্সনে ২ হাজার ৫০০ এবং ইংরেজি ভার্সনে ৩ হাজার টাকা নেওয়া যাবে।
এ ছাড়া একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদনের জন্য ২২০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। শিক্ষার্থীর প্রাথমিক ভর্তি নিশ্চায়নের সময় শিক্ষা বোর্ডকে বিভিন্ন ফি বাবদ মোট ৩৪০ টাকা দিতে হবে।
এর মধ্যে রেজিস্ট্রেশন ফি ১৪২ টাকা, ক্রীড়া ফি ৫০ টাকা, রোভার/রেঞ্জার ফি ১৫ টাকা, রেড ক্রিসেন্ট ফি ১৬ টাকা, বিজ্ঞান ও প্রযুক্তি ফি ৭ টাকা, বিএনসিসি ফি ১০ টাকা এবং শিক্ষককল্যাণ ও অবসরসুবিধা ভাতা বাবদ ১০০ টাকা রয়েছে।
এ ছাড়া প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে রেড ক্রিসেন্ট ফি ২৪ টাকা এবং বার্ষিক ক্রীড়া মঞ্জুরি বাবদ ৪০০ টাকা বোর্ডে পাঠাতে হবে।
এবার একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন ফিও বাড়ানো হয়েছে। গত বছর ৩৩৫ টাকা থাকলেও এবার তা ৫ টাকা বাড়িয়ে ৩৪০ টাকা করা হয়েছে।
মতামত দিন