তামিলনাড়ুতে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১৩
ভারতের তামিলনাড়ুর বিরুধুনগর জেলায় একটি আতশবাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। রোববার এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
স্থানীয় পুলিশ জানায়, বিরুধুনগরের কাটানাপাত্তি এলাকার কারখানাটিতে বিস্ফোরণের সময় অন্তত ৩০ জন শ্রমিক দৈনন্দিন উৎপাদন কাজে নিয়োজিত ছিলেন।
বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে কারখানার অন্তত চারটি কক্ষ ধসে যায়। স্থানীয়দের দাবি, বিস্ফোরণের শব্দ প্রায় ১০ কিলোমিটার দূর থেকেও শোনা গেছে।
ঘটনার পরপরই শিবকাশি, সাত্তুর ও বিরুধুনগরসহ আশপাশের বিভিন্ন শহর থেকে দমকল ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। এক ঘণ্টারও বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
কর্তৃপক্ষ আশঙ্কা করছে, ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজন আটকা পড়ে থাকতে পারেন। আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাসায়নিক পদার্থ মেশানোর সময় ঘর্ষণ থেকেই এই বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে।
পুলিশ মামলা দায়ের করেছে এবং কারখানাটিতে নিরাপত্তা বিধি মানা হয়েছিল কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে