হিযবুত তাহরীরের মিছিল শুরু, ছত্রভঙ্গ করতে টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
দেশে খিলাফত প্রতিষ্ঠার দাবিতে হিযবুত তাহরীরের ‘মার্চ ফর খিলাফত’ শুরু হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট সংলগ্ন সড়কে এ কর্মসূচি শুরু করেন নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির কয়েক হাজার সমর্থক।
তুরস্কে খিলাফত পতনের ১০১ বছর পূর্তিকে কেন্দ্র করে এ কর্মসূচির ডাক দেয় সংগঠনটি।
জানা গেছে, জুমার নামাজ শেষ হওয়ার পরপরই হিযবুত তাহরীরের সমর্থকরা বায়তুল মোকাররমের উত্তর গেটের সামনে জমায়েত হয়ে ‘মুক্তির এক পথ, খিলাফত খিলাফত’ স্লোগানে মিছিল শুরু করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে প্রতিহত করার চেষ্টা করলে সংগঠনটির নেতাকর্মীরা সামনে এগিয়ে যেতে থাকেন।
পল্টন মোড়ে পুলিশ তাদেরকে বাধা দিলেও তা ভেঙে বিজয়নগর পানির পাম্প মোড় হয়ে পুনরায় পল্টনের দিকে হিযবুত তাহরীরের মিছিলটি অগ্রসর হয়। পরে পুলিশ মিছিল ছত্রভঙ্গ করতে দুই রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। তবে বিক্ষোভকারীরা তা উপেক্ষা করে পল্টন ময়দানে পৌঁছালে পুলিশ আরও তিনটি সাউন্ড গ্রেনেড ছোড়ে।
শেষ খবর পাওয়া পর্যন্ত পল্টন ময়দানে দুই পক্ষ মুখোমুখি অবস্থানে রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে