Views Bangladesh Logo

নিলামে উঠছে ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল

Sports Desk

ক্রীড়া ডেস্ক

ফুটবল ইতিহাসের সবচেয়ে আলোচিত ও বিতর্কিত ম্যাচটির কথা মনে আছে কী? ১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে যে ম্যাচে ডিয়েগো ম্যারাডোনা করেছিলেন ‘হ্যান্ড অব গড’ গোল। এবার নিলামে উঠছে সেই ঐতিহাসিক ম্যাচে ব্যবহৃত ফুটবলটি, যার প্রাথমিক দাম ধরা হয়েছে ২৫ লাখ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩১ কোটি টাকা)।

১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মেক্সিকোর মাঠে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা। সেই ম্যাচেই ম্যারাডোনা ফুটবল ইতিহাসের অন্যতম বিতর্কিত ও অবিস্মরণীয় গোলটি করেন, যা ফুটবল ইতিহাসে 'হ্যান্ড অব গড' নামে পরিচিত।

নিলাম পরিচালনাকারী প্রতিষ্ঠান 'হেরিটেজ অকশনস' এই বলটিকে ফুটবলপ্রেমীদের জন্য এক পরম কাঙ্ক্ষিত বস্তু বা ‘পবিত্র গ্রেইল’ হিসেবে বর্ণনা করেছে। প্রতিষ্ঠানটির ধারণা, বিশ্বজুড়ে ফুটবলপ্রেমী ও সংগ্রাহকদের মধ্যে এই বলটি নিয়ে তুমুল সাড়া পড়ে যাবে।

এর আগে ২০২২ সালে একই ম্যাচে ম্যারাডোনার পরা জার্সিটি ৯২ লাখ ডলারে (প্রায় ১১৩ কোটি টাকা) বিক্রি হয়েছিল, যা ক্রীড়া ইতিহাসের অন্যতম মহার্ঘ্য স্মারক হিসেবে জায়গা করে নেয়। জার্সির পর এবার বলটির নিলামও নতুন কোনো রেকর্ড গড়বে কি না, তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা।

তবে বলটির চূড়ান্ত মূল্য কত’তে গিয়ে ঠেকতে পারে, সেই বিষয়ে এখনই কোনো মন্তব্য করতে রাজি হননি হেরিটেজ অকশনসের ক্রীড়া বিশেষজ্ঞ মাইক প্রোভেনজালে।

বলটির ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে প্রোভেনজালে বলেন, ‘এর সাথে তুলনা করার মতো কিছুই নেই। এটি সত্যিই অনন্য এবং ফুটবল ইতিহাসের সবচেয়ে তাৎপর্যপূর্ণ স্মারকগুলোর একটি।’

বিশ্বের বড় বড় সংগ্রাহক এবং ফুটবলপ্রেমীরা ফুটবলের এই ঐতিহাসিক স্মারকটি নিজেদের সংগ্রহে রাখার জন্য এই নিলামে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ