Views Bangladesh Logo

৮ বছর আগেই ২০২৬ বিশ্বকাপের ‘ভবিষ্যদ্বাণী’ করেছিলেন ম্যারাডোনা!

Sports Desk

ক্রীড়া ডেস্ক

চলতি ২০২৬ ফুটবল বিশ্বকাপের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে ছড়িয়ে পড়েছে ফুটবল ঈশ্বর দিয়েগো ম্যারাডোনার আট বছর আগের একটি সাক্ষাৎকার।

২০১৮ সালে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোকে যৌথভাবে ২০২৬ বিশ্বকাপের আয়োজক ঘোষণা করার পরপরই বিস্ফোরক এক মন্তব্য করেছিলেন ম্যারাডোনা।

বর্তমান আসরে তীব্র গরমের কারণে যে ‘হাইড্রেশন ব্রেক’ বা পানি পানের বিরতি দিতে হচ্ছে, তা দেখে ভক্তরা এখন ১৯৮৬ বিশ্বকাপজয়ী এই কিংবদন্তির সেই দূরদর্শী মন্তব্যের কথাই মনে করিয়ে দিচ্ছেন একে অপরকে।

সেই সাক্ষাৎকারে উত্তর আমেরিকার স্পোর্টস মডেলের তীব্র সমালোচনা করেছিলেন ম্যারাডোনা। তার বক্তব্য ছিল, টেলিভিশনের বাণিজ্যিক স্বার্থ ও বিজ্ঞাপনের প্রয়োজনে একসময় ফুটবলকে তার চিরাচরিত রূপ থেকে সরে আসতে হবে।

একটি টেলিভিশন অনুষ্ঠানে ক্ষোভ প্রকাশ করে আর্জেন্টিনার এই সাবেক তারকা বলেছিলেন, ‘বিজ্ঞাপন ঢোকানোর জন্য ওরা খেলাকে দুই অর্ধেকের বদলে চার ভাগে ভাগ করে ফেলবে। মিলিয়ে নিও, এটাই দেখতে পাবে।’

নিয়ম অনুযায়ী ২০২৬ বিশ্বকাপ এখনও ৪৫ মিনিটের দুই অর্ধেই খেলা হচ্ছে ঠিকই, তবে যুক্তরাষ্ট্রের ভেন্যুগুলোতে অতিরিক্ত তাপমাত্রার কারণে ম্যাচে দিতে হচ্ছে অফিশিয়াল হাইড্রেশন ব্রেক। ফিফার প্রটোকল অনুযায়ী চরম আবহাওয়ায় খেলোয়াড় ও রেফারিদের সুরক্ষায় এই বিরতি বাধ্যতামূলক হলেও, স্বাভাবিকভাবেই এতে সম্প্রচারের সময় বাড়ছে এবং তৈরি হচ্ছে অতিরিক্ত বিজ্ঞাপনী সুযোগ।

এই বাস্তবতাকেই ম্যারাডোনার নিখুঁত ভবিষ্যদ্বাণীর সঙ্গে মিলিয়ে দেখছেন ফুটবল ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে।

ফুটবল ঐতিহ্য বা সংস্কৃতির ঘাটতির কথা তুলে সে সময় যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ আয়োজনের তীব্র বিরোধিতাও করেছিলেন ম্যারাডোনা। তিনি বলেছিলেন, ‘ওদের ফুটবলের প্রতি কোনো আবেগ নেই। কানাডিয়ানরা হয়তো ভালো স্কিইং করতে পারে, আর আমেরিকানরা তো বিজ্ঞাপনের সুবিধার জন্য খেলাকে ২৫ মিনিট করে চার ভাগে ভাগ করতে চেয়েছিল।’

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ