বাংলাদেশে প্রবাসী ট্রাইব্যুনাল গঠনে কানাডার সহযোগিতা চাইলেন মনজিল মোরসেদ
বাংলাদেশে বসবাসরত প্রবাসীদের সম্পত্তি, ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন বিষয়ে তৈরি হওয়া সমস্যা দ্রুত সমাধান ও তাদের অধিকার সুরক্ষায় প্রবাসী ট্রাইব্যুনাল গঠনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে কানাডা সরকারের সহযোগিতা চেয়েছেন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের সভাপতি ও জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ।
বুধবার (২৩ সেপ্টেম্বর) কানাডার রাজধানী অটোয়ায় দেশটির ফেডারেল পার্লামেন্ট পার্লামেন্ট হিলে কানাডা সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি, মন্ত্রী ও সংসদ সদস্যদের সঙ্গে এক বৈঠকে তিনি এ বিষয়ে আলোচনা করেন।
বৈঠকে কানাডার ট্রেজারি বোর্ডের প্রধান ও মন্ত্রী পদমর্যাদার জ্যেষ্ঠ সংসদ সদস্য সাফকাত আলী, সংসদ সদস্য সালমা জাহিদ এবং সংসদ সদস্য ইয়াসির নাগভিদের সঙ্গে মতবিনিময় করেন মনজিল মোরসেদ। এ সময় তার সঙ্গে ছিলেন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের কানাডা শাখার প্রধান উপদেষ্টা আলিমুল হায়দারি বাবু, সংগঠনের সহসভাপতি শহীদ উদ্দিন হিরুসহ অন্যরা।
মতবিনিময়ের সময় মনজিল মোরসেদ বাংলাদেশে প্রবাসী ট্রাইব্যুনাল গঠনের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি বলেন, কানাডায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের বাংলাদেশে থাকা সম্পত্তি, ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন বিষয়ে নানা ধরনের জটিলতার মুখোমুখি হতে হয়। এসব সমস্যা দ্রুত নিষ্পত্তির পাশাপাশি প্রবাসীদের অধিকার ও আইনগত সুরক্ষা নিশ্চিত করতে বিশেষায়িত প্রবাসী ট্রাইব্যুনাল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এ বিষয়ে কানাডা সরকারের সহযোগিতার বিষয়েও আলোচনা করেন তিনি।
বৈঠকে কানাডার সংসদ সদস্যরা বাংলাদেশি প্রবাসীদের আইনগত সুরক্ষা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে প্রবাসী ট্রাইব্যুনাল গঠনের দাবিকে সময়োপযোগী ও ইতিবাচক উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।
এ বিষয়ে কানাডা সরকারের সহযোগিতা ও সমর্থনের আশ্বাসও দেন তারা।
মতামত দিন