ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র তিন দিন আগে ঢাকা-১৮ আসন থেকে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। রোববার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
ফেসবুক পোস্টে মান্না জানান, বর্তমানে তিনি বগুড়ায় অবস্থান করছেন। তার ভাষ্য অনুযায়ী, ঢাকা-১৮ আসনে নির্বাচন অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় তিনি সেখানে প্রতিদ্বন্দ্বিতা চালিয়ে যেতে পারছেন না।
পোস্টে তিনি লেখেন, একটি বিশেষ পরিস্থিতিতে তিনি ঢাকা-১৮ ও বগুড়া-২—এই দুই আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে ঢাকা-১৮ একটি বিশাল নির্বাচনী এলাকা হওয়ায় সেখানে নির্বাচন পরিচালনার ব্যয় তার পক্ষে বহন করা সম্ভব নয়। এ কারণে তিনি ঢাকা-১৮ আসনের নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছেন। এ সিদ্ধান্তে কেউ কষ্ট পেলে তিনি দুঃখ প্রকাশও করেন।
উল্লেখ্য, ঢাকা-১৮ আসনে মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র শুরু থেকেই বৈধ ছিল। রাজধানীর উত্তরা, খিলক্ষেত, কুড়িল, উত্তরখান, দক্ষিণখান ও তুরাগ এলাকা নিয়ে গঠিত এই আসনে বিএনপির এস এম জাহাঙ্গীর হোসেন, জামায়াতে ইসলামীর মুহাম্মদ আশরাফুল হক এবং জাতীয় নাগরিক পার্টির আরিফুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন।
অন্যদিকে, মান্না বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে নির্বাচনী দৌড়ে রয়েছেন। শুরুতে ঋণখেলাপির অভিযোগে সেখানে তার প্রার্থিতা বাতিল হলেও পরে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে তিনি প্রার্থিতা ফিরে পান।
বগুড়া-২ আসনে প্রথমে বিএনপি মান্নাকে সমর্থন দেওয়ার ঘোষণা দিলেও পরবর্তীতে সেখানে নিজেদের দলীয় প্রার্থী হিসেবে মীর শাহে আলমকে মনোনয়ন দেয়। এই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে রয়েছেন আবুল আজাদ মোহাম্মদ শাহাদুজ্জামান।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে